মমতাজ হত্যা মামলার রায় ৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ মমতাজউদ্দিন হত্যা মামলার রায় আগামী ৫ মার্চ ঘোষণা করা হবে। গত মঙ্গলবার যুক্তিতর্ক শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়ের এই তারিখ নির্ধারণ করেন। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার মামলাটি যুক্তিতর্ক শুনানির জন্য ওঠে। এ সময় মামলার জামিনে মুক্ত ১০ আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। বিশেষ পিপি এনতাজুল হক রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন। তিনি আদালতকে জানান, অভিযোগপত্রের বর্ণিত ৩৫ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থাকা সাক্ষীও আছেন। সব সাক্ষীই অভিযোগের সপক্ষে সাক্ষ্য দিয়েছেন। তাই তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।আসামি পক্ষে বক্তব্য উপস্থাপন করে জ্যেষ্ঠ আইনজীবী আশরাফুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। তাঁরা দাবি করেন, বাদী পক্ষ মামলাটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। একটি বিতর্কিত বিচারিক জবানবন্দির ওপর ভিত্তি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। যার আইনগত কোনো ভিত্তি নেই। এ ছাড়া মমতাজউদ্দিনের স্ত্রী, পুত্রসহ পাঁচ সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে আসেননি। এ কারণে তাঁরা আসামিদের বেকসুর খালাসের আবেদন করেন। ২০০৩ সালের ৬ জুন রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মমতাজউদ্দিন। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি চাঞ্চল্যকর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৪ সালে হাইকোর্ট মামলাটি স্থগিত করেন। আট বছর স্থগিত থাকার পর গত বছরের ৪ নভেম্বর পুনরায় বিচারকাজ শুরু হয়।