মমতাজ হত্যার বিচার শুরু
আট বছর স্থগিত থাকার পর অবশেষে গতকাল রোববার নাটোর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ মমতাজউদ্দিন হত্যা মামলার বিচার শুরু হয়েছে। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৬ জুন রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মমতাজউদ্দিন। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি চাঞ্চল্যকর হিসেবে ঘোষণা করা হলেও এত দিন তা বিচারের জন্য প্রস্তুত হয়নি। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলাটি স্থগিত হয়। সিআইডি বিতর্কিত একটি জবানবন্দির ওপর ভিত্তি করে আওয়ামী লীগের নেতা আনিসসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত ২০০৩ সালের ১৩ অক্টোবর মামলাটি সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দেন। সিআইডি ২০০৪ সালের ২৭ জানুয়ারি আগের মতোই অভিযোগপত্র দাখিল করেন। এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদী। নাটোরের দায়রা জজ আদালতের নির্দেশে ওই বছরের ২০ মার্চ মামলার বিচার বিভাগীয় তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট ওয়ালিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। তিনি তদন্ত শেষে আগের আটজনসহ ১৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দেন। মামলাটি রাজশাহীতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়। ট্রাইব্যুনাল বিচার বিভাগীয় প্রতিবেদন আমলে নেন। বাদী হাইকোর্টে একটি রিভিশন মামলা করেন। ২০০৪ সালে হাইকোর্ট মামলাটি স্থগিত করেন। তখন থেকে মামলাটি স্থগিত রয়েছে। দলের সর্বোচ্চ পর্যায় থেকে মামলাটি পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের দায়রা জজ একরামুল হক চৌধুরী রোববার মামলার বাদীকে সাক্ষ্য প্রদানের জন্য তলব করেন। আদালতের নির্দেশে বাদী গতকাল আদালতে হাজির হলে তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ সোমবারও তাঁর সাক্ষ্য গ্রহণ চলবে।