মমতাজ হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক
আলোচিত ময়মনসিংহ সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল পরানগঞ্জ ইউনিয়নের টানাহাসাদিয়া গ্রামে রিকশাচালক জয়নাল আবেদিনের প্রচেষ্টায় গড়ে ওঠা মমতাজ হাসপাতাল পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া।এ সময় প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালটি আকস্মিক পরিদর্শনকালে এলাকাবাসীর উপস্থিতিতে জেলা প্রশাসকসহ অন্যরা জয়নাল আবেদিনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আশরাফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহবুব আলম, সিভিল সার্জন মাজাহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বিরাগ আনন্দ নাথ প্রমুখ।পরিদর্শন শেষে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া রিকশাচালক জয়নাল আবেদিনের স্কুল ও মমতাজ হাসপাতালের উন্নয়নের স্বার্থে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিনা মূল্যে বই এবং পঙ্গু রোগীদের জন্য হুইলচেয়ার ও আসবাবপত্র দেওয়ার জন্য এডিসিদের নির্দেশ দেন।জয়নাল আবেদিন বলেন, জেলা প্রশাসকসহ অন্যরা হাসপাতাল ও বিদ্যালয়ের খোঁজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি নগদ পাঁচ হাজার টাকাও অনুদান দিয়েছেন।জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া বলেন, ‘এমন উদ্যোগকে স্বাগত জানাই। আমরা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব।’