মমতাজ হাসপাতালে বস্ত্রমন্ত্রী সহযোগিতার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অর্থসম্পদ-ক্ষমতা নয়, অন্তরলোক যার সেবাব্রতী, সে-ই পারে নিজেকে মানবকল্যাণে উৎসর্গ করতে। জয়নাল আমার চিন্তাজগতের এ ধারণার মূর্ত রূপ, দীর্ঘ জীবনের তৃপ্তি। এই জয়নাল আমার জীবন ও কর্মধারায় যুক্ত হয়েছে। আমাকে কৃতার্থ করেছে। জয়নালের প্রচেষ্টা আরও বিকশিত হোক।’রিকশাচালক জয়নাল আবেদীনের প্রচেষ্টায় গড়ে ওঠা আলোচিত ‘মমতাজ হাসপাতাল’ ও ‘টানহাসাদিয়া প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন খাতায় এ বক্তব্য লিখেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল পরানগঞ্জ ইউনিয়নের টানহাসাদিয়া গ্রামে হাসপাতালটি পরিদর্শনে যান মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলার সাংসদ মতিউর রহমানসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা। চর সিরতা ও পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানদের নেতৃত্বে বিপুলসংখ্যক মানুষ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেওয়া রোগীরা মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বস্ত্রমন্ত্রী জয়নাল আবেদনের বৃদ্ধ মা, স্ত্রী, ছেলেমেয়ে, ভাইবোন এবং হাসপাতালের চিকিৎসক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এলাকাবাসী পরানগঞ্জ থেকে সিরতা বাজার পর্যন্ত হাসপাতালের পাশ দিয়ে যাওয়া কাঁচা সড়কটি পাকা করার দাবি জানান। আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, এ গ্রামে বিদ্যুৎ এসেছে, রাস্তাও পাকা হবে। আর এসব হচ্ছে জয়নাল আবেদীনের এ হাসপাতালের কারণে। হাসপাতাল ও বিদ্যালয়টিকে ভালোভাবে গড়ে তুলতে সবার, বিশেষ করে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ‘এমন ভালো কাজে আমি সর্বাত্মক সহযোগিতা করব।’ তিনি ঈদে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভালো খাবার পরিবেশন করতে জয়নাল আবেদীনের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। তাৎক্ষণিক মন্ত্রীর সফরসঙ্গী জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. হাসানুল ইসলাম ও জেলা স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে মাপজোক করে রাস্তাটি পাকাকরণ ও হাসপাতালের জন্য একটি ভবন তৈরি করতে শিগগিরই প্রকল্প জমা দেওয়ার আশ্বাস দেন। মতবিনিময়কালে সদর আসনের সাংসদ মতিউর রহমান বলেন, ‘এলাকার মানুষের সেবায় এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যদিও এটি আমার নির্বাচনী এলাকার মধ্যে পড়ে না, তবু আমি সাধ্যমতো সহযোগিতা করব।’এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক, জেলা স্বাস্থ্য কর্মকর্তা মুজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবির বিচিত্র বড়ুয়া, চিকিৎসক হেফজুল বারী খান, চর সিরতা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন আহাম্মেদ, পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিয়াকত আলী প্রমুখ। উল্লেখ্য, বিনা চিকিৎসায় বাবার মৃত্যুর পর টানহাসাদিয়া গ্রামের জয়নাল আবেদীন ঢাকায় গিয়ে দীর্ঘদিন রিকশা চালিয়ে গ্রামে ফিরে জমানো টাকায় ২০০১ সালে ‘মমতাজ হাসপাতাল’ গড়ে তোলেন। সেই থেকে রিকশা চালিয়ে তিনি গ্রামের দরিদ্র মানুষকে বিনা পয়সায় চিকিৎসা ও ওষুধ দিয়ে আসছেন। পরে তিনি গ্রামের শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় ও মক্তব গড়ে তোলেন। এ নিয়ে প্রথম আলোতে গত ২ জুলাই বিশেষ প্রতিবেদন ‘রিকশা চালিয়ে হাসপাতাল’ প্রকাশিত হয়। এরপর তাঁর উদ্যোগের প্রতি অনেকে সহায়তার হাত বাড়িয়ে দেন। পাঠকদের অনুরোধ ও পরামর্শে এবং জয়নাল আবেদীনের আগ্রহে প্রথম আলো ট্রাস্ট মমতাজ হাসপাতালের জন্য একটি ব্যাংক হিসাব (প্রথম আলো ট্রাস্ট/মমতাজ হাসপাতাল, হিসাব নম্বর: ২০৭১০০৭৯৫৯, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা) খোলা হয়। গতকাল পর্যন্ত এ হিসাবে ১৫ লাখ ৪১ হাজার টাকা সহায়তা এসেছে। আরও কয়েকজন ব্যক্তির আর্থিক সহযোগিতায় ইতিমধ্যে হাসপাতালে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। কেনা হয়েছে কিছু জমি।