মমতাজ হাসপাতালের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিনকে সংবর্ধনা
ব্যক্তি উদ্যোগে ময়মনসিংহ সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল পরানগঞ্জের টানহাসাদিয়া গ্রামে মমতাজ হাসপাতাল গড়ে তুলেছেন রিকশাচালক জয়নাল আবেদিন। প্রথম আলোতে ‘রিকশা চালিয়ে হাসপাতাল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশ-বিদেশের অনেক মানুষ।গত সোমবার বিকেলে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের কয়েক শ সাধারণ মানুষ তাই জড়ো হয়েছিলেন রিকশাচালক জয়নাল আবেদিনকে ফুল ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিতে। পরানগঞ্জ ইউনিয়নের আম্বিকাগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এলাকার প্রবীণ কৃষক মিরকান্দাপাড়া গ্রামের হাসেন আলী মোড়লের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার মানুষ জয়নাল আবেদিনের হাতে ফুলের তোড়া ও গলায় মালা পরিয়ে দেন। এ সময় বক্তব্য দেন মিরকান্দাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল মিয়া, চর বওলাপাড়া ওয়ার্ডের সদস্য মো. নিজাম উদ্দিন, মো. দুলাল মিয়া, স্থানীয় আওয়ামী লীগের নেতা হযরত আলী, টানহাসাদিয়া ওয়ার্ডের সদস্য মো. দুলাল মিয়া, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হযরত আলী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুল মান্নান, তামাকবিরোধী এনজিও উষিকার স্থানীয় কর্মকর্তা আবদুল কদ্দুস, স্থানীয় ব্র্যাক কর্মকর্তা বজলুর রহমান প্রমুখ। সর্বশেষ গত ২৭ জুলাই বস্ত্র ও পাটমন্ত্রী পরিদর্শন করে গেছেন মমতাজ হাসপাতালটি। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জয়নাল আবেদিন আমাদের গ্রামের গর্ব। তাঁর কারণে গ্রামে বিদ্যুৎ এসেছে, রাস্তা পাকা হচ্ছে। আমরা তাঁর এমন ভালো কাজে সাধ্যমতো সহযোগিতা করব।’সংবর্ধনা পেয়ে জয়নাল আবেদিন বলেন, ‘এলাকার মানুষের ভালোবাসা পেয়ে আমি আবেগাপ্লুত। এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ।’