মমতাজ হাসপাতালের প্রতিষ্ঠাতা জয়নালসহ ১৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
ময়মনসিংহে ৪০তম জাতীয় সমবায় দিবসে ব্যক্তিপ্রচেষ্টায় মমতাজ হাসপাতাল গড়ে তোলায় সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের টানহাসাদিয়া গ্রামের রিকশাচালক জয়নাল আবেদীন ও জেলার ১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। আলোকিত মানুষ জয়নাল আবেদীনের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া।সমবায় উদ্যোক্তা সৃষ্টি, যুবদের দূরদৃষ্টি—এ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার জেলা সমবায় কার্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, মুক্তিযোদ্ধা ও আলোকিত ব্যক্তিদের সংবর্ধনা, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও সমবায়ী হিসেবে অবদানের জন্য পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা পরিষদের শহীদ আবদুল জব্বার মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর আসনের সাংসদ মতিউর রহমান, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ড ময়মনসিংহ ইউনিটের কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ, জেলা সমবায় কর্মকর্তা হরিদাস ঠাকুরসহ সমবায় সমিতির সদস্যরা। অনুষ্ঠানে জয়নাল আবেদীন বলেন, ‘আমি অতি সাধারণ মানুষ। গ্রামের সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে আমি খুশি।’ এর আগে সকাল ১০টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা ও টাউন হল চত্বরে সপ্তাহব্যাপী সমবায় মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মতিউর রহমান।