মমতাজের দুর্বিষহ জীবন!
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া এলাকার মৃত ছইন উদ্দিনের মেয়ে মমতাজ বেগম (২৮) অগ্নিদগ্ধ শরীর নিয়ে এখন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন তিনি। মমতাজের পারিবারিক সূত্র জানায়, তিনি রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় অবস্থিত ‘জামাল ঝুট কটন’ কারখানায় কাজ করতেন। ছেলেকে নিয়ে থাকতেন কারাখানার কাছাকাছি একটি বাসায়। গত ৯ জানুয়ারি কারখানায় অগ্নিকাণ্ডে মমতাজের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। কারখানার মালিকের অবহেলা ও অর্থের অভাবে ঢাকায় রেখে চিকিৎসা করা সম্ভব না হওয়ায় তাঁকে গ্রামের বাড়িতে নিয়ে আসে পরিবারের সদস্যরা। সম্প্রতি এক দুপুরে বালিয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কলাপাতায় শুইয়ে গোসল করানোর পর মমতাজের দগদগে শরীরে তেল মালিশ করা হচ্ছে। যন্ত্রণায় মমতাজ গোঙাচ্ছেন। জানতে চাইলে মমতাজের বোন নাজমা বেগম বলেন, ‘ভাই নিজেরাই খাইতাম পাই না, বইনের চিকিৎসা কিবায় করবাম। কবিরাজের কথামতো তেল মাইখ্যা দিতাছি।’ মমতাজের বড় ভাই শহীদ মিয়া (৪০) বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তাঁর বোনকে কেবল দুটি স্যালাইন দেওয়া হয়। অর্থাভাবে চিকিৎসকের পরামর্শমতো ওষুধপত্র কিনে দিতে পারেননি তাঁরা। ১৩ দিন হাসাপাতালে কাটানোর পর কারখানার মালিকের পক্ষ থেকে চার-পাঁচজন লোক এসে উন্নত চিকিৎসার কথা বলে মমতাজকে ঢাকা মেডিকেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। মমতাজের ভাইয়ের ছেলে আল আমীন (২০) বলেন, তাঁদের যাত্রাবাড়ী এলাকার একটি ক্লাবে নিয়ে সাদা কাগজে সই রেখে আট হাজার টাকা হাতে দিয়ে বিদায় করে দেন মালিক জামাল মিয়া ও তাঁর লোকজন। এ ব্যাপারে কথা বলতে জামাল মিয়ার মুঠোফোনে কয়েকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।