মমতাজের বিরোধিতাকারী ‘মানবতাবিরোধী অপরাধী’
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের পকেট কমিটি হিসেবে অভিহিত করেছেন পদবঞ্চিত দলের একাংশের নেতারা। এ বিষয়ে মুখ খোলায় তাঁদের একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।আহ্বায়ক কমিটি গঠন নিয়ে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কোন্দল এখন প্রকাশ্য হয়ে পড়েছে। দুই ভাগে বিভক্ত দলের নেতা-কর্মীরা প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে দলের পরস্পরবিরোধী দুটি অংশই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ, বিষোদ্গার ও ব্যক্তিগত চরিত্র হননের মতো তৎপরতা চালাচ্ছেন।দলীয় সূত্র জানায়, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালের জুলাইয়ে। সম্মেলনে সভাপতি হন শফিউল আলম। সাংগঠনিক কোন্দলের সূত্রপাত কার্যত তখন থেকেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নন্দীগ্রাম আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন ও সাবেক সহসভাপতি শহীদুল আলম। শহীদুল আলমের ভাই হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে শফিউল আলমের সভাপতির পদ পাওয়ার ব্যাপারে প্রকাশ্য বিরোধিতা করেন মমতাজ উদ্দিন। এর পরও শফিউল আলম সভাপতি হন।২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে শফিউল আলমের ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ প্রার্থী হন। মমতাজ উদ্দিনের বিরোধিতার পরও তিনি জয়লাভ করেন। এরপর ‘বিদ্রোহী প্রার্থী’র পক্ষে কাজ করার অভিযোগ তুলে শফিউল আলমকে বহিষ্কার করা হয়। শফিউল আলম অভিযোগ করেন, ‘বগুড়ায় আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুযায়ী নয়; চলছে মমতাজ উদ্দিনের একক ইচ্ছা-অনিচ্ছায়। ওই সময়ে কথিত বহিষ্কারাদেশের মাধ্যমে দলে একনায়কতন্ত্র কায়েম করা হলেও কেউ সভাপতির বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারেনি। ওই সময় দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে কাজ চালিয়ে যেতে বলেছিলেন।’সূত্র জানায়, গত ২১ জুন সাবেক সভাপতিকে বাইরে রেখে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৩ জুলাই সংবাদ সম্মেলনে কমিটির বিরোধিতা করেন শফিউল আলমের নেতৃত্বাধীন দলের একাংশ। তাতে সমর্থন দেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের শীর্ষ নেতারা। অন্যদিকে মমতাজ উদ্দিনের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত কয়েকজন ৭ জুলাই বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শফিউল আলমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ তোলেন। ১০ জুলাই শফিউল আলম-সমর্থিত ব্যক্তিরা নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ ডাকেন। একই স্থানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মমতাজ উদ্দিনের সমর্থিত অংশ পাল্টা সমাবেশ ডাকে। প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জাহিদুর রহমান দাবি করেন, গঠনতন্ত্র অনুসরণ করেই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, শফিউল আলমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাঠিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি সম্পর্কে ভালো তথ্য দিতে পারবেন নন্দীগ্রামের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিলুর রহমান। যোগাযোগ করা হলে খলিলুর রহমান বলেন, ‘ট্রাইব্যুনালে পাঠানো প্রতিবেদনে শফিউল আলমের নাম আছে এমনটা মনে পড়ছে না। তাঁর বিরুদ্ধে কেউ কোনো অভিযোগও করেনি।’চেষ্টা করেও এ বিষয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর আস্থাভাজন হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, নন্দীগ্রামে ঘোষিত কমিটি কোনো নেতার পকেট কমিটি নয়। নিজ দলের একজন নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ উত্থাপনের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, বিষয়টি জেলা কমিটির সাধারণ সম্পাদক পরিষ্কার করতে পারবেন।