মমতাজের হাতে ‘ছোট’ নেতা প্রহূত, থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের হাতে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাওসার হোসেন প্রহূত হওয়ার ঘটনায় সদর থানায় আওয়ামী লীগের সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে শহরের সাতমাথায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মারধরের ঘটনা ঘটে।ঘটনার পর দলের একাংশের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অবশ্য জেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাঁকে গালিগালাজ করা হয়েছে।সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সাতমাথায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি সমাবেশ শেষ করার পর সেখান থেকে বের হওয়ার সময় তাঁর সামনে পড়ে যান আওয়ামী লীগের বগুড়া সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক কাওসার হোসেন ওরফে খোকন (৪০)। তাঁকে দেখেই মমতাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে কাওসার হোসেনের মুখে কিল-ঘুষি মেরে বলতে থাকেন, ‘তোকে শেষ করলে কী হবে রে?’ এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতির পেছন থেকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা কাওসার হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। সঙ্গে সঙ্গে কাওসার হোসেনের পক্ষে কিছু নেতা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন। নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, জামায়াত-শিবিরের নেতাদের বিরুদ্ধে জেলা সভাপতি কোনো কিছু করতে পারছেন না। অথচ দলের নেতাদের গায়ে হাত তুলছেন। জানা গেছে, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে জেলা সভাপতির সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হলেন বগুড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী খান। অভিযোগ রয়েছে, গত জুলাইয়ে কোনো কারণ ছাড়াই জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এই কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর চাচাতো ভাই আবু সুফিয়ানকে আহ্বায়ক করায় গোলাম রব্বানী এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন। গত অক্টোবরে শাখারিয়া ইউনিয়ন কমিটি গঠন নিয়ে আবু সুফিয়ান পক্ষের নেতা-কর্মীরা গোলাম রব্বানীর পক্ষের লোকজনকে মারপিট করেন। এ ঘটনায় আবু সুফিয়ানসহ বেশ কয়েকজনের নামে মামলা করেন গোলাম রব্বানী। সেই ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি।কাওসার হোসেন বলেন, ‘মিছিল শেষে সমাবেশ করে দাঁড়িয়েছিলাম দলীয় কার্যালয়ের সামনে। এ সময় জেলা সভাপতি দলীয় কার্যালয় থেকে বের হয়ে এলে তাঁকে সালাম দিই। তিনি সালাম না নিয়েই আমাকে গালিগালাজ করতে থাকেন। আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ঘুষি মারেন।’ এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে তিনি নিজে বাদী হয়ে বগুড়া সদর থানায় জেলা আওয়ামী লীগের সভাপতিসহ পাঁচজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে এখনো নথিভুক্ত করা হয়নি। কিল-ঘুষি মারার কথা অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ‘সে মিথ্যা কথা বলেছে। নেতা-কর্মীদের নামে কিছুদিন আগে মামলা করায় তাকে গালিগালাজ করা হয়েছে।’