মমতার আচরণে ওয়ার্কার্স পার্টির বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারতের মধ্যকার বিরাজমান সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর অনেক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় আলোচনার সাফল্য কামনা করেন। গতকাল সোমবার পার্টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানে এই সফর তাৎ পর্যপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সীমান্ত সমস্যা, ছিটমহল, অপদখলীয় ভূমি, ভারতে বাংলাদেশের শুল্কমুক্ত পণ্য প্রবেশ এবং অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে এই সফর অনেক তাৎ পর্যময় হবে। এ ছাড়া তিনি আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে ট্রানজিট সুবিধার বিষয়টি উভয় দেশ ও এই অঞ্চলের স্বার্থ অনুযায়ী নিষ্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন।তবে তিস্তার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে বিস্ময় প্রকাশ করেছেন রাশেদ খান মেনন। তিনি বলেন, এর আগে জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার গঙ্গার পানি বণ্টন ও তিন বিঘা করিডর প্রশ্নে সব বাধা উপেক্ষা করে ভারতের সঙ্গে চুক্তি করতে বাংলাদেশকে সাহায্য করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছিলেন। কিন্তু আজ সেই মমতা তিস্তার পানি বণ্টন চুক্তির বিরোধিতা করে বাংলাদেশ-ভারত উভয় দেশের জনগণকে বিস্মিত করেছেন।এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে মেনন বলেন, বিরোধী দল বিএনপি ও জামায়াত দুর্ভাগ্যজনকভাবে তাদের ভারতবিরোধী কার্ড খেলছে। সরকারের উচিত ছিল ভারতের সঙ্গে সমস্যা সমাধানের পদক্ষেপগুলো সব রাজনৈতিক দলকে জানানো। কারণ, বিদেশের সঙ্গে যেকোনো চুক্তি সই করার আগে স্বচ্ছতার সঙ্গে পদক্ষেপ নেওয়া উচিত।