মমতার আপত্তিতে তিস্তা চুক্তি হয়নি: প্রধানমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তিস্তা চুক্তি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির৷
তিস্তা চুক্তি না হওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনলেন। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির সবকিছু চূড়ান্ত ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে সেটি স্বাক্ষরিত হয়নি। তবে ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তিটি স্বাক্ষর করতে খুবই আন্তরিক ছিল।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর সরকার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আপস-আলোচনার মাধ্যমে অভিন্ন নদ-নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে আগ্রহী। তিনি বলেন, এরই সূত্র ধরে বাংলাদেশ ও ভারত একটি ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তিস্তা চুক্তি স্বাক্ষরে ঐকমত্যে পৌঁছেছে।
এ অঞ্চলের অভিন্ন নদ-নদীর পানিসম্পদের ব্যবস্থাপনার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা করে যৌথ উদ্যোগে গঙ্গা ব্যারাজ নির্মাণ করতে হবে। অন্যথায় তা সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তিনি বলেন, গঙ্গা ব্যারাজ নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার নদীগুলোতে দুই হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি ধারণযোগ্য একটি বিশাল জলাধার সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রী বলেন, আবহমান কাল ধরে এ দেশের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা পানিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বাংলাদেশের মধ্য দিয়ে চার শতাধিক নদী প্রবাহিত আছে। এর মধ্যে ৫৭টি আন্তসীমান্ত নদী রয়েছে। যার ৫৪টি ভারত ও তিনটি িময়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সূচনা বক্তৃতা করেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, পানিসম্পদ সচিব জাফর আহমেদ খান এবং মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও বোর্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নদীশাসন এবং বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি তাঁদের নদীর স্বাভাবিক গতি-প্রবাহ অক্ষুণ্ন, নাব্যতার উন্নয়ন এবং বাঁধ ও স্লুইসগেট নির্মাণে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, বড় নদীগুলো প্রতিবছরই নিয়মিত ড্রেজিং করতে হবে। এতে নদীর নাব্যতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানি ধারণক্ষমতাও বৃদ্ধি পায়। ড্রেজিং অব্যাহত রাখার কারণে বন্যা নিয়ন্ত্রণ ও চাষাবাদে পানির সংকট উভয়ই দূর হয়।
শেখ হাসিনা বলেন, গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় পানি ব্যবস্থাপনা এবং জলবিদ্যুৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে ভারত-ভুটান-বাংলাদেশ এবং ভারত-নেপাল- বাংলাদেশ ত্রিপক্ষীয় যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করে যাচ্ছে।