ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফর বাতিল করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেছে সে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকা।শেষ মুহূর্তে তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে মমতার আপত্তির ব্যাপারে বিস্ময় প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে বহুল প্রচারিত ও প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু, দ্য হিন্দুস্তান টাইমস ও দ্য টেলিগ্রাফ। খবর বাসসের।প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুর প্রতিবেদনে পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘সত্যি বলতে কি, পশ্চিমবঙ্গ যা বলছে তা আমার কাছে বোধগম্য নয়। কয়েক বছর ধরে এ বিষয়ে আলোচনা হয়েছে। তাদের সব আপত্তি আগেই মীমাংসা হয়ে গেছে।’গতকাল মঙ্গলবার দ্য হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘মমতার আপত্তির কারণে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিস্মিত। মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুক্তি দেখান, তিস্তার পানির বাংলাদেশের অংশ বণ্টনের জন্য সিকিমে বাঁধ নির্মাণ করা হলে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে ব্যাপক লাভবান হতে পারে পশ্চিমবঙ্গ।’ঢাকা সফরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর মমতার সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিং কোনো কথা বলেননি উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তির ব্যাপারে আপত্তি তোলার পর মমতার সঙ্গে পল্লি উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ সমঝোতার চেষ্টা করেন। কিন্তু মমতা তাঁর অবস্থান থেকে চুল পরিমাণ সরে আসতেও রাজি হননি।দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, মমতা না থাকায় মনমোহনের বাংলাদেশ সফর ম্লান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যন্তরীণ সমস্যা আরও জটিল করে তোলা হলো।পত্রিকাটি আরও বলেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদেশ মন্ত্রণালয় এখন এই পরিস্থিতির জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে দায়ী করছে। পত্রিকাটি বলেছে, এখন স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রণালয়কে ছিটমহলের সীমানা ও বিতর্কিত বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। পানিসম্পদমন্ত্রী পবন কুমার অবশেষে ঢাকা সফর বর্জন করেন।ঢাকার কর্মকর্তা ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে মমতার আপত্তিকে ‘অপ্রত্যাশিত, ভুল ও দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে বলেন, ধারাবাহিক আলোচনার মাধ্যমে তিস্তা নদীর ৪৮ থেকে ৫২ শতাংশ পানি বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছিল। মমতারও ব্যাপারটি অজানা ছিল না।