
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের শাসনামলে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ-কারীর সংখ্যা পাঁচ গুণ বেড়েছে। খবর ইকোনমিক টাইমস ও ডিএনএর।
গতকাল রোববার কলকাতার বউবাজারে এক নির্বাচনী সমাবেশে অমিত শাহ এই অভিযোগ করেন।
সমাবেশে অমিত শাহ বলেন, ‘যদি একজন বাংলাদেশি অভিবাসী পশ্চিম বাংলায় আসে, তবে পশ্চিমবঙ্গের এক যুবকের চাকরি হাতছাড়া হয়, সে শিক্ষার সুযোগ হারায়। তবে মমতা এসব বিষয় নিয়ে মাথা ঘামান না। পশ্চিমবঙ্গের উন্নয়নের চেয়ে রাজনীতিতেই তাঁর আগ্রহ বেশি।’
অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সেই সঙ্গে অপরাধ প্রবণতাও বন্ধ করতে হবে।’
১৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার দুটি আসনে উপনির্বাচন। সেই নির্বাচনে বিজেপির প্রার্থীর সমর্থনে প্রচারের জন্য অমিত শাহ কলকাতায় আসেন।
গতকালের সভায় অমিত শাহ পশ্চিমবঙ্গের আলোচিত সারদা কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার অভিযোগ করেন।
অমিত শাহ মমতার তীব্র সমালোচনা করে বলেন, ‘সারদার কোটি কোটি টাকা কোথায় গেল? সিঙ্গুর ও নন্দীগ্রামে দুই হাজার কৃষক পরিবার জমি হারিয়েছিল বলে দিদি (মমতা) অনশন করেছিলেন। আর সারদায় ভুক্তভোগী ১৭ লাখ মানুষ। আপনি এর প্রতিবাদ করেন না কেন?’
রাজ্য না চালাতে পারলে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য মমতার প্রতি আহ্বান জানান অমিত শাহ।
বর্তমান কেন্দ্রীয় সরকারের শক্তিশালী বৈদেশিক নীতি আছে বলে অমিত শাহ মন্তব্য করেন।
কলকাতা প্রতিনিধি জানান, তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ সাংবাদিক কুনাল ঘোষ শনিবার কলকাতায় ব্যাংকশাল কোর্টের ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) বিশেষ আদালতে দাঁড়িয়ে নিজেই নিজের সওয়াল করে বলেছেন, ‘আমাকে সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখোমুখি বসিয়ে জেরা করা হোক।’
ওই দিন আবার কলকাতার সিবিআই কার্যালয়ে ঢোকার মুখে অপেক্ষমাণ সাংবাদিকদের কুনাল ঘোষ বলেন, ‘সারদা মিডিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা যদি কেউ পেয়ে থাকেন, তিনি হলেন মমতা ব্যানার্জি।’