তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে চলতি মাসের শেষে প্রতিবেদন জমা দিতে পারে পশ্চিমবঙ্গের কল্যাণ রুদ্র কমিশন। পানিবিশেষজ্ঞ কল্যাণ রুদ্রর বরাত দিয়ে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা গত বুধবার এ খবর জানিয়েছে।কল্যাণ রুদ্র বলেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি প্রস্তাব উপস্থাপনের জন্য আমাকে একটি বৈজ্ঞানিক সমীক্ষা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাকে আরও কিছু গবেষণার কাজ করতে হবে। আশা করছি, চলতি মাসের শেষে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করতে পারব।’বাংলাদেশ ও ভারত—উভয়ের কাছে গ্রহণযোগ্যভাবে তিস্তার পানি বণ্টনের বিষয়টি সুরাহার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ নভেম্বর কল্যাণ রুদ্রর নেতৃত্বে একটি কমিশন গঠন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে গত ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হয়নি। শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়, তিস্তায় পানিপ্রবাহ কমেছে। তাই বাংলাদেশকে ২৫ শতাংশের বেশি পানি দেওয়া সম্ভব নয়। অথচ দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছিল, অভিন্ন নদীটির পানির একটি অংশ স্বাভাবিক প্রবাহের জন্য রেখে বাকি অংশ প্রায় সমান দুভাগে ভাগ হবে।