মমতার প্রতি তসলিমার ক্ষোভ

পশ্চিমবঙ্গের মৌলবাদীদের চাপে সেখানে স্থায়ী হতে পারেননি বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু পবিত্র হজ, ইজতেমা নিয়ে কটূক্তিকারী বাংলাদেশের মন্ত্রিসভা থেকে অপসারিত এবং ক্ষমতাসীন দল থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী এখন কলকাতায় আছেন। খুদে বার্তার ওয়েবসাইট টুইটারে এ বিষয়ে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন।
গত বুধবার এক টুইটার বার্তায় তসলিমা লিখেছেন, ‘মৌলবাদীদের শান্ত করতে আমাকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইসলাম নিয়ে কটূক্তিকারী ব্যক্তি লতিফ সিদ্দিকীকে তিনি কলকাতায় থাকতে দিয়েছেন। মৌলবাদীরা কেন নিশ্চুপ?’
বাংলাদেশ থেকে বিতাড়িত এই লেখিকা ২০০৪ সাল পর্যন্ত পর্যটক ভিসা নিয়ে ভারতে থাকতেন। ২০০৪ সাল থেকে তাঁকে রেসিডেন্ট পারমিট দেওয়া শুরু হয়। ২০০৭ সালে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার তাঁকে কলকাতা থেকে তাড়িয়ে দেয়। সেই থেকে তিনি দিল্লির বাসিন্দা।