মমতার সঙ্গে কথা বলতে চান হাসিনা
তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে একান্তে কথা বলার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা এই কথা বলেন। তিনি বলেন, ‘দেখি কাল (শনিবার) রাতে ওর সঙ্গে আলাদা করে কথা বলা যায় কি না।’
তিস্তা চুক্তির প্রধান অন্তরায় মমতাই। দিল্লি আসার আগেও তিনি কলকাতায় বলে এসেছেন, তিস্তায় পানি নেই। রাজ্যের স্বার্থ এড়িয়ে তিনি বাংলাদেশকে জল দিতে পারবেন না। মমতা আজ শনিবার হায়দরাবাদ হাউসে উপস্থিত থাকছেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সাংবাদিকদের শেখ হাসিনা বলেন, মমতার সঙ্গে আলাদা করে কথা বলতে পারলে ভালোই হয়। তিনি অপেক্ষায় থাকছেন।
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক তিস্তার পানি চুক্তির ওপর নিশ্চিতই নির্ভরশীল নয়। কিন্তু এটাও সত্যি, তিস্তার পানির ন্যায্য পাওনা আদায় করা বাংলাদেশের কাছে একটা আবেগের বিষয়। স্পর্শকাতরও। এই বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, ‘আমি সব সময়ই আশাবাদী। মমতাও তাঁর ওপর ভরসা রাখার কথা ঢাকায় গিয়ে বলে এসেছিলেন। উনি আসছেন শুনেছি। কথা বলতে চাই। দেখি কী হয়।’
পানি প্রসঙ্গে শেখ হাসিনা অন্য এক প্রশ্নের উত্তরে বলেন, ‘গঙ্গা ব্যারাজ নির্মাণে আমি খুবই আগ্রহী। ভারতকে সঙ্গে নিয়ে এই ব্যারাজ আমি গড়তে চাই ভবিষ্যতের জন্য। দুই বাংলার মানুষের স্বার্থে। তাঁদের কল্যাণের জন্য।’
শুক্রবার প্রটোকল ভেঙে বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদ চলাকালীন কোনো ঘোষণা না দিয়ে প্রটোকল মাফিক গাড়ির বহর না নিয়ে এবং সাধারণের জন্য রাস্তা বন্ধ না করে মোদি বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি তাঁকে জানানো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি অভিভূত। এত বড় একটা দেশের প্রধানমন্ত্রীর কত কাজ। সবকিছু ছেড়ে তিনি যে আমাকে স্বাগত জানাতে গিয়েছেন। অভাবনীয়। এটা দুই দেশের সম্পর্কের গভীরতারই প্রমাণ।’
হাইকমিশনের এই অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন। ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘গঙ্গা ব্যারাজ আগামী দিনের সমস্যার সমাধানেই ভাবা। কিন্তু এই সঙ্গে প্রয়োজন গঙ্গার পানির জোগান বাড়ানো।’ তিনি বলেন, ‘তিস্তা চুক্তি হলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়। একই সঙ্গে উজানে তিস্তার পানির জোগানও বাড়াতে হবে। আমরা আশাবাদী। আজ বা কাল দুই দেশের স্বার্থেই এটা করা সম্ভব হবে।’
সংবর্ধনা সভায় দিল্লিতে উপস্থিত বহু দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতসহ অন্য দেশের বিশিষ্ট নাগরিকদের। সবাইকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এসব দেশের অবদান তিনি স্মরণ করেন। এরপর উপস্থিত অতিথিরা প্রত্যেকে আলাদা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিচিত হন।