মমতায় গড়া বিনে পয়সার চিকিৎসালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধপাকা ঘরটির মেঝে কাঁচা, ওপরে টিন, তিন দিক খোলা। সিমেন্টের বস্তা টাঙিয়ে দেয়ালের অপূর্ণতা ঢাকার চেষ্টা চলছে। মাথা গোঁজার ঘর নয় এটি। এটি একটি চিকিৎসালয়। সাধারণ মানুষের শ্রম-ঘাম-মমতায় গড়া বিনে পয়সার চিকিৎসালয়। ওষুধ নেই, যন্ত্রপাতি নেই; নেই চিকিৎসক-সেবিকাদের ছোটাছুটি। তা-ও অসুস্থ শিশুদের নিয়ে মায়েরা এখানে আসেন।একজন ভ্যানচালকের দুই টাকা অনুদান নিয়ে শুরু হয় এর নির্মাণকাজ। এগিয়ে আসে ঋষি সম্প্রদায়ের লোকজন। কাজ করতে এসে রাজমিস্ত্রিরা বিনা পারিশ্রমিকে ঘরটি তুলে দেন, তা প্রায় বছর চারেক আগের কথা। বিভিন্ন স্থান থেকে চিকিৎসকদের বলে-কয়ে এনে এত দিন চিকিৎসার কার্যক্রম চলেছে। সব শুনে মাস ছয়েক যাবৎ সরকারি হাসপাতালের এক চিকিৎসক প্রতি শুক্রবার এখানে এসে রোগী দেখা শুরু করেন। তিনিও নেন না কোনো পারিশ্রমিক।চিকিৎসালয়টি যশোরের কেশবপুর উপজেলার দক্ষিণ প্রান্তে টিটা বাজিতপুর গ্রামে অবস্থিত। যাঁর হাত ধরে এটি গড়ে উঠেছে, তিনি কামরুজ্জামান (৪২)। একজন স্কুল শিক্ষক। এখান থেকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব ১০ কিলোমিটার, ৩৩ কিলোমিটার দূরে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং খুলনা শিশু হাসপাতালের দূরত্ব ৪০ কিলোমিটার।গোড়ার কথা: কামরুজ্জামান টিটা বাজিতপুর এম কে বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অসুস্থ ছেলেকে নিয়ে খুলনার শিশু হাসপাতালে গিয়েছিলেন একদিন। চিকিৎসকের জন্য হন্যে হয়ে ঘুরতে ঘুরতে একটি লেখার ওপর চোখ আটকে যায়। দুটি ওয়ার্ডে লেখা ছিল, ‘এই ওয়ার্ডের সার্বিক ব্যয় বহন করছে খুলনা রিকশা শ্রমিক ইউনিয়ন’। এ লেখাই চোখ খুলে দেয় কামরুজ্জামানের। শ্রমজীবী মানুষেরা পারলে তিনি কেন পারবেন না—এ চিন্তা থেকেই গাঁয়ের মানুষের সঙ্গে কথা বলা শুরু। এলাকাবাসীর শ্রম ও ভালোবাসা: ২০০৭ সালের ১ জানুয়ারি স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন কামরুজ্জামান। ঋষি সম্প্রদায়ের লোকেরা হাসপাতালের জন্য অনুদান দেওয়ার ঘোষণা দেয়। কামরুজ্জামান নিজের ১০ শতাংশ জমি হাসপাতালের নামে দান করেন। প্রথমে দুই টাকা দেন মানু নামের একজন ভ্যানচালক। রাজমিস্ত্রি মাকফুর রহমান বলেন, ‘ঘরটি তৈরিতে আমরা কোনো পয়সা নেইনি।’ স্থানীয় ভান্ডারখোলা বাজারের ধান-পাট ব্যবসায়ী আবদুল কুদ্দুস বলেন, তিনি চিকিৎসককে সহায়তা করেন। রোগীদের ব্যবস্থাপত্রে নাম লেখা, নিবন্ধন খাতায় নাম তোলা এবং রোগীদের ওজন মাপার কাজ তিনি স্বেচ্ছায় করেন।যেভাবে চলছে: প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এসে রোগী দেখেন এখানে। চিকিৎসালয়টির পরিচালনার জন্য নয় সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি আছে। এর সভাপতি কেশবপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা। সাধারণ সম্পাদক কামরুজ্জামান। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক কোনো নেতার অনুদান নেওয়া হবে না। কার্যনির্বাহী কমিটির সদস্য কনক বিশ্বাস জানান, এখন প্রতি শুক্রবার গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী আসে। চিকিৎসালয়ে এক দিন: গত ৩০ ডিসেম্বর সকালে সরেজমিনে দেখা গেছে, মায়েরা বাচ্চাদের নিয়ে বসে আছেন। সামনে একটি টেবিল ও দুটি চেয়ার। একটিতে চিকিৎসক বসে রোগী দেখছেন। প্রথমে বাচ্চাদের ওজন পরীক্ষা করা হয়। তারপর পাঠানো হয় চিকিৎসকের কাছে। চিকিৎসক ব্যবস্থাপত্র দিলে তা অভিভাবকদের বুঝিয়ে দেন কামরুজ্জামান। শিশুদের ওজন মাপার কাজটিও তিনিই করেন। চিকিৎসার বিনিময়ে কোনো টাকা নেওয়া হয় না। তবে কেউ স্বেচ্ছায় চিকিৎসালয়ের উন্নয়নে কিছু দিতে চাইলে রশিদ দিয়ে নেওয়া হয়।হাড়িয়াঘোপ গ্রামের পলি জানান, তাঁর বাচ্চা ঠিকমতো খায় না। তাই চিকিৎসকের কাছে এসেছিলেন। এখানে চিকিৎসা না পেলে ১০ কিলেমিটার দূরে যেতে হতো।সবাই যা বলেন: মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সমারেশ দত্ত এখানে চিকিৎসাসেবা দেন। নিয়ম করে প্রতি শুক্রবার তিনি ২২ কিলোমিটার দূর থেকে এই চিকিৎসালয়ে আসেন। কেন পারিশ্রমিক নেন না জানতে চাইলে তিনি বলেন, ‘সব শুনে ওদের (গ্রামবাসীর) অনুরোধ ফেলতে পারিনি। তা ছাড়া এখানে এলে গরিব মানুষ স্বাস্থ্যসেবা পাবে, সে কথা ভেবেই চিকিৎসা দিয়ে যাচ্ছি।’কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত) হেদায়েতুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি সেবার মানসিকতার নিমিত্তে তৈরি হয়েছে।শাহিদা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘স্বপ্ন দেখি, এটি একদিন বড় হাসপাতাল হবে। এ জন্য এগিয়ে আসতে হবে অনেককে।’