মমতায় সে মেলল ডানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জবুথবু হয়ে বসেছিল লক্ষ্মীপেঁচাটি। প্রচণ্ড শীতে কাতর হয়ে পড়েছিল। নড়াচড়ার শক্তিই প্রায় ছিল না। তাই একদল কৌতূহলী মানুষ ভিড় জমালেও এটি উড়ে যেতে পারেনি। তবে তার প্রতি নির্দয় হয়নি কেউ। বরং মানুষের উষ্ণ ভালোবাসায় পেঁচাটি আবার ডানা মেলতে পেরেছে মুক্ত আকাশে।গত সোমবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পাশে এই লক্ষ্মীপেঁচার দেখা মেলে। বিরল প্রজাতির পেঁচাটি নিয়ে ক্যাম্পাসজুড়ে কৌতূহল সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাসান ও আবদুল্লাহ আল জুবায়ের অসুস্থ পাখিটিকে পাশের বনে নিয়ে ছেড়ে দেন। কিন্তু পেঁচাটি উড়ে যেতে না পারায় দিনভর তার ওপর নজর রাখেন তাঁরা। সন্ধ্যায় চিকিত্সার জন্য পেঁচাটিকে বন বিভাগের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এ জন্য পেঁচাটিকে তাঁরা প্রথম আলো সিলেট কার্যালয়ে রেখে যান। গতকাল মঙ্গলবার সকালে সিলেট পরিবেশ আন্দোলনের (সিপা) সদস্যসচিব আবদুল করিম ও প্রথম আলো বন্ধুসভা সিলেটের যুগ্ম সম্পাদক রয়েল পাল পেঁচাটিকে সিলেট বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয়ে নিয়ে যান। বন বিভাগের তদারকিতে সিলেটের ভেটেরিনারি হাসপাতালে লক্ষীপেঁচার প্রয়োজনীয় চিকিত্সা চলে। বন বিভাগের রেঞ্জার আবদুস সালাম প্রথম আলোকে জানান, প্রচণ্ড শীতে এটি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ঘণ্টাখানেক পর্যবেক্ষণে রেখে বিকেলে সিলেটের খাদিম এলাকার ইকোপার্কে ছেড়ে দেওয়া হয় ওই লক্ষ্মীপেঁচা।শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম ও আসিফ ইকবাল জানান, লক্ষ্মীপেঁচা বিরল প্রজাতির পাখি। এটি টাইটো গোত্রের ও আলবা শ্রেণীভুক্ত। এর বৈজ্ঞানিক নাম টাইটো আলবা।