মমিনুল মউজদীন আলোকিত মানুষ ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমিনুল মউজদীন একজন আলোকিত মানুষ ছিলেন। একজন সৎ ও সাহসী জনপ্রতিনিধি হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধার মানুষ ছিলেন। সুনামগঞ্জের মানুষ এখনো তাঁকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করে। তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
মরমি সাধক হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত স্মরণসভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। বেলা ১১টায় মমিনুল মউজদীন স্মৃতি সংসদ সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মমিনুল মউজদীনের কাব্যগ্রন্থ নির্বাচিত কবিতার মোড়ক উন্মোচন করা হয়।
প্রবীণ আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, নারী নেত্রী শীলা রায়, হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম প্রমুখ। পরে মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত ৬৪ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিরা।
মমিনুল মউজদীন ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জে আসার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরানসহ মারা যান।