মরমি সাধক হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জের তিনবারের পৌর চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার এক স্মরণসভার আয়োজন করা হয়। এতে বক্তারা মমিনুল মউজদীনকে একজন আলোকিত মানুষ হিসেবে আখ্যায়িত করেন।
শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে গতকাল সকালে এই স্মরণসভা ও মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে বৃত্তি হিসেবে ১৮০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, অভিনন্দনপত্র, প্রাইজবন্ড এবং শিক্ষাসামগ্রী দেওয়া হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা, মমিনুল মউজদীন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান গনিউল সালাদীন প্রমুখ বক্তব্য দেন।
২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী, ছেলেসহ মারা যান মমিনুল মউজদীন।