হুমায়ূন আহমেদের এইসব দিনরাত্রি নাটকে ‘টুনি’ চরিত্রে অভিনয় করা নায়ার সুলতানার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে পুলিশ।
পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদনে ‘হত্যা’ আসলে তারা এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নায়ারের স্বামী আলী আমিনকে রিমান্ডে নেওয়ার জন্য আবারও আবেদন করবে।
এদিকে ঘটনার ব্যাপারে শুরু থেকেই গণমাধ্যমের সামনে কোনো কিছু বলতে রাজি হচ্ছে না নায়ারের পরিবার।
গত বৃহস্পতিবার রাতে গুলশানের ১২৬ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে নায়ারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগ এনে নায়ারের মা রাজিয়া সুলতানা নায়ারের স্বামী আলী আমিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার রাতেই আলী আমিনকে গ্রেপ্তার করে। শুক্রবার ১০ দিনের রিমান্ড আবেদন করে আলী আমিনকে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আলী আমিনকে কারাগারে পাঠান।
পুলিশ জানায়, রিমান্ড আবেদন শুনানির সময় মামলার বাদী রাজিয়া সুলতানা নিজেই আদালতে উপস্থিত হয়ে নায়ারের স্বামীর জামিন চান। এসব কিছুর পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আলী আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাদী নিজেই আদালতে গিয়ে আসামির জামিন চেয়েছেন বলে শুনেছি। তবে মামলা বাদীপক্ষ চালাবে কি চালাবে না সে ব্যাপারে বাদীপক্ষের কেউই পুলিশকে কোনো কিছু জানায়নি।’
ওসি বলেন, ‘যেহেতু মামলা হয়েছে, তাই নিয়মানুযায়ী তদন্ত চলবে। আমরা এখন ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদনে সন্দেহজনক তথা হত্যার কোনো বিষয় পাওয়া গেলে আমরা আদালতে আবারও আলী আমিনের রিমান্ড চাইব। এ ছাড়া সরেজমিনে তদন্ত ও বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত অব্যাহত থাকবে।’
এদিকে ঘটনার ব্যাপারে শুরু থেকেই মুখ খুলতে নারাজ নায়ারের পরিবারের স্বজনেরা। গতকাল নায়ারের মা রাজিয়াসহ স্বজনদের কয়েকটি মুঠোফোন নম্বরে বেশ কয়েকবার ফোন করা হলেও কেউ তাতে সাড়া দেননি।