
‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, মামলার ক্ষেত্রে ময়নাতদন্তের প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের দেশে ময়নাতদন্তের যে প্রতিবেদন দেওয়া হয় তার ৯৯.৯৯ ভাগই ত্রুটিপূর্ণ। এর ফলে ন্যায়বিচার নিশ্চিত করতে সমস্যা হচ্ছে।’
গত সোমবার রাত আটটার দিকে ফরিদপুর জেলা জজ আদালতের উদ্যোগে আয়োজিত জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। ফরিদপুর সার্কিট হাউস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘দায়িত্ব নেওয়ার আগে থেকেই সুপ্রিম কোর্টে মামলার জট কমাতে লড়ে যাচ্ছি। কোর্টে মামলার জট পড়বে আর আমরা বিচারকেরা পতাকা উড়িয়ে বিদেশে ঘুরে বেড়াব, জনগণের টাকা ওড়াব, এটা আমি মেনে নিতে পারি না।’
তিনি বলেন, ‘বিচারকদের সময় মানতে হবে। আমি সকাল আটটায় অফিসে আসি। আমি না এলে পিয়ন-চাপরাশিরা আসে না, কোর্ট চালু হয় না। তাই এ বিষয়ে সতর্ক হতে হবে।’
প্রধান বিচারপতি বলেন, বিচারকদের বসার সমস্যা ও আবাসন সমস্যা প্রকট। ভাড়া বাসায় থেকে বিচারকাজ করলে ন্যায়বিচার নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ জন্য প্রত্যেক জেলায় জুডিশিয়াল কমপ্লেক্স করা প্রয়োজন। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রত্যেক জজকে ল্যাপটপ দেওয়া হবে। একটি বিচারকাজ টানা শেষ করা ভালো। ল্যাপটপ দেওয়া হলে বিচারকাজ ত্বরান্বিত হবে।
‘পুলিশের তদন্তের ত্রুটির কারণে মূল আসামিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়’ মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, মাদকের চালান ধরেই সাংবাদিক ডেকে বলে দেওয়া হয় ইনিই প্রধান আসামি। কিন্তু এটা একটা সিন্ডিকেট। ওভাবে বললে মূল আসামিরা আড়ালেই থেকে যায়। অনেক পুলিশ কর্মকর্তা রাইটার দিয়ে প্রতিবেদন লেখায়। রাইটাররা টাউট প্রকৃতির লোক হয়। এর জন্য মামলা লেখায় ভুল থাকে। রাজনৈতিক চাপের কারণেও মামলার মূল সুর ব্যাহত হয়।
প্রধান বিচারপতি বলেন, ময়নাতদন্তের ৯৯.৯৯ ভাগই ত্রুটিপূর্ণ থাকে। মেডিকেলের অনেক জটিল শব্দ বিচারকেরা বোঝেন না। লেখাও অস্পষ্ট থাকে এবং অসম্পূর্ণ বাক্য লেখা হয়। এর ফলে মামলা পরিচালনায় সমস্যা হয়। তিনি এ ব্যাপারে বেশি যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘ডিসি ও জজকে বলি, আপনারা মাসে অন্তত একবার কারাগারে যাবেন। মানুষের চেহারা দেখলেই বোঝা যায় কে নিরপরাধ, কে মিথ্যা মামলায় দণ্ডিত হয়েছেন। মিথ্যা মামলায় দণ্ডিতদের পক্ষে কাজ করতে হবে। এ জন্য জেল আপিলের ব্যবস্থা করতে হবে। হাইকোর্টেও এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’
ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক নূরুল আলম, দুই সরকারি কৌঁসুলি খসরুজ্জামান, অসিত কুমার মজুমদার।