ময়নাতদন্ত প্রভাবমুক্ত হবে কি না শঙ্কায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামারুখ মাহজাবিন
শামারুখ মাহজাবিন

নারী চিকিৎসক শামারুখ মাহজাবীনের দ্বিতীয় দফার ময়নাতদন্ত প্রতিবেদন প্রভাবমুক্ত থাকবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাঁর বাবা নূরুল ইসলাম।
যশোর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।
নূরুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের (বিএমএ) বিজ্ঞানবিষয়ক সম্পাদক জেসমিন আরা বেগম। যিনি শামারুখ হত্যা মামলার আসামি। তাঁর প্রভাবের কারণে শামারুখের হত্যার প্রতিবাদে বিএমএ আজ পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি পালন করেনি। যে কারণে ধারণা জন্মে, প্রভাব খাটিয়ে প্রথমবার ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টে দেওয়া হয়। বিএমএ কোনো কর্মসূচি পালন না করায় দ্বিতীয় দফার প্রতিবেদনের ক্ষেত্রেও সেই সন্দেহ থেকেই যাচ্ছে। তার পরও প্রতিবেদনটি সুষ্ঠু ও সঠিকভাবে দেওয়া হবে বলে আমরা আশাবাদী।’
শামারুখের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ডা. শামারুখের মৃত্যুর পর চিকিৎসকেরা প্রতিবাদে শামিল হননি। পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হলেও বাংলাদেশে বিএমএ টু-শব্দটি করেনি।
নূরুল ইসলাম জানান, মেয়ের হত্যার বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ‘ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে’ বলে প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন।
শামারুখ যশোর-৫ (মনিরামপুর) আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ। শামারুখের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা নূরুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলার তিনজন আসামি হলেন স্বামী হুমায়ুন সুলতান ওরফে সাদাব, শ্বশুর খান টিপু সুলতান ও শাশুড়ি জেসমিন আরা বেগম। সাদাব বর্তমানে কারাগারে। আর শ্বশুর ও শাশুড়ি জামিনে রয়েছেন।
প্রথমবার ময়নাতদন্ত প্রতিবেদনে শামারুখ ‘আত্মহত্যা’ করেছেন বলে উল্লেখ করা হয়।