ময়নামতি সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর হচ্ছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের ক্যাডেটদের কাছ থেকে প্যারেড ও সালাম গ্রহণ করেন কুমিল্লার ময়নামতি সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে। ওই এলাকায়ই নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর। ইতিমধ্যে সেখানে পিতল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ২০১৭ সালে জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে। দৃষ্টিনন্দন ওই জাদুঘর বঙ্গবন্ধুপ্রেমীদের দারুণভাবে মোহিত করবে।
জানা যায়, ময়নামতি সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ড বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। তাঁর স্মৃতিকে লালন করার জন্য ২০১৪ সালের ১৯ মে ১০১ পদাতিক ব্রিগেড কমান্ডারের তত্ত্বাবধায়নে ও ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাদুঘর-বিএমএ রিলিক প্রকল্প শুরু হয়। ৯ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ওই জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে। ২০১৬-২০১৭ অর্থবছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এতে পোডিয়াম, স্যালুটিং স্টেজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ওয়াল ম্যুরাল, স্থাপত্য, গ্যালারি, জাদুঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয় ওই জাদুঘর তৈরিতে সহযোগিতা করছে।
গত বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন বেলা ২টা ৩০ মিনিটে বেলুন ও কবুতর উড়িয়ে বঙ্গবন্ধু জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহিদুর রহমান।