ময়মনসিংহ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হরমুজ আলীকে বহনকারী পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষে এক টেম্পোচালক নিহত হয়েছেন। এতে হরমুজ আলী ও এক পুলিশ আহত হয়েছেন। গত দুই দিনে ত্রিশাল, ভালুকা ও হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
ত্রিশাল ও ভালুকা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হরমুজ আলীকে ত্রিশাল উপজেলার বৈলর গ্রাম থেকে ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তার করে পুলিশ। বিকেল সাড়ে চারটার দিকে হরমুজ আলীকে পুলিশের গাড়িতে করে ময়মনসিংহ শহরে আনার পথে বৈলর মোড় এলাকায় পুলিশের গাড়ির সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর চালক আবদুল ওয়াহাব (৪৩), হরমুজ আলী (৬৫) ও ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই (৩৫) আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে আটটার দিকে ওয়াহাব মারা যান। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় মায়ের সঙ্গে হেঁটে বাড়ি ফেরার সময় বাসের চাপায় জিহাদ (৫) নামের এক শিশু মারা যায়। জিহাদের বাবার নাম খলিলুর রহমান। তিনি ওই এলাকায় একটি কারখানায় কাজ করেন। রাত সোয়া ১২টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে নিহত হন সবজি ব্যবসায়ী মো. কাওসার। তাঁর বাড়ি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। তিনি গভীর রাতে সবজিবোঝাই পিকআপ ভ্যানে ঘুমাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে কাওসার নিহত হন।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেট কারের আরোহী ফাতেমা বেগম (২৪) প্রাণ হারিয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলার মনোহরদী উপজেলার দেবপুর গ্রামে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ফাতেমা বেগম ও তাঁর পরিবারের সাত সদস্য সিলেট থেকে ওই প্রাইভেট কারে ঢাকায় ফিরছিলেন। এ ঘটনায় তাঁর পরিবারের অপর ছয় সদস্যও আহত হয়েছেন।