ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে বিজয় এক্সপ্রেসের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে বিজয় এক্সপ্রেস নামের নতুন একটি আন্তনগর ট্রেনের যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার রাতে রেলমন্ত্রী মুজিবুল হক ময়মনসিংহ রেলস্টেশনে এর উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রেলমন্ত্রী মুজিবুল হক।
এ সময় ময়মনসিংহের আওয়ামী লীগ নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ পথে দ্বৈত রেলপথ চালুর আশ্বাস দেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, আন্তনগর বিজয় এক্সপ্রেস প্রতিদিন রাত আটটায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। আর সকাল সাতটা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করবে। প্রতি বুধবার ট্রেনটি বন্ধ থাকবে।
অনুষ্ঠানে রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ ফাতেমা জহুরা রানী, রেলের মহাপরিচালক তফাজ্জল হোসেন প্রমুখ।