ময়মনসিংহ বিভাগ হওয়ায় আনন্দ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ দেশের অষ্টম বিভাগ হওয়ায় গতকাল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ এর আয়োজন করে l ছবি: প্রথম আলো
ময়মনসিংহ দেশের অষ্টম বিভাগ হওয়ায় গতকাল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ এর আয়োজন করে l ছবি: প্রথম আলো

ময়মনসিংহ বিভাগ হওয়ায় গতকাল রোববার আনন্দ শোভাযাত্রা করেছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ। ময়মনসিংহ বিভাগের দাবিতে সংগঠনটি প্রায় ২৬ বছর ধরে আন্দোলন করেছে।
শহরের টাউন হল মাঠ থেকে গতকাল রোববার দুপুর ১২টায় এ শোভাযাত্রা বের হয়। নাগরিক আন্দোলন কমিটির সদস্যরা বলেন, শোভাযাত্রা উপলক্ষে এক সপ্তাহ আগে থেকে শহরে ব্যাপক প্রচারণা চালানো হয়। সকাল ১০টা থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী মানুষ, নাগরিক আন্দোলনের নেতারা ও তৃতীয় লিঙ্গের ৮০ জনের এক দল টাউন হল মাঠে জড়ো হন। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সাংসদ প্রমোদ মানকিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জামালপুর-৩ (জামালপুর, মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের সাংসদ মির্জা আজম, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
প্রমোদ মানকিন ও মির্জা আজম ময়মনসিংহকে বিভাগ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও বিভাগের বাসিন্দাদের শুভেচ্ছা জানান। ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান বলেন, তাঁরা দীর্ঘ ২৬ বছর ময়মনসিংহকে বিভাগ করার আন্দোলন করেছেন। বিভাগের দাবিতে হরতাল-অবরোধের কর্মসূচি নিয়ে তাঁরা রাজপথেও নেমেছেন। বর্তমান সরকার ময়মনসিংহকে বিভাগ করায় নাগরিক আন্দোলনের দায়িত্ব আরও বেড়ে গেছে। এখন থেকে সংগঠনের সদস্যরা বিভাগের উন্নয়নকাজে নিজেদের সম্পৃক্ত করবেন।