ময়মনসিংহ বিভাগ হওয়ায় রাজধানীতে শোভাযাত্রা
ময়মনসিংহ বিভাগ হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকায় অবস্থিত বৃহত্তর ময়মনসিংহের কয়েকটি সংগঠন। গতকাল শনিবার সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শুরু করে শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাব ঘুরে আবার শিখা চিরন্তনে এসে শেষ হয়।
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেয় বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতিসহ চার জেলার সাংবাদিক সমিতি, জেলা সমিতি, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ, ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও ময়মনসিংহকেন্দ্রিক ১৬টি সংগঠন। শোভাযাত্রার আগে এক সমাবেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত শুরু করা হবে। নবগঠিত ময়মনসিংহ বিভাগকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। গত ১৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের অষ্টম বিভাগ হিসেবে গেজেট প্রকাশ করে।