ময়মনসিংহে অ্যাসিডদগ্ধদের সম্মেলন
ময়মনসিংহে জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হলো অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের সম্মেলন। ৭০ জন অ্যাসিডদগ্ধ নারী-পুরুষকে নিয়ে গতকাল মঙ্গলবার ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে দিনভর ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সহযোগিতা করে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন ও ইউনিসেফ।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে সম্মেলনে যোগ দিতে এসেছেন লিপি আক্তার (৩০)। তিনি বলেন, ২০০৩ সালে এক বখাটের আক্রোশের শিকার হয়ে অ্যাসিডে দগ্ধ হয়েছিলেন। ঘটনার ১২ বছর হয়ে গেছে। অ্যাসিড নিক্ষেপকারীর সাত বছরের কারাদণ্ড হলেও তিনি ১২ বছর ধরে পলাতক। ওই ব্যক্তি এখনো মাঝেমধ্যে লুকিয়ে বাড়ি এসে হুমকি দিয়ে যান। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় বক্তারা বলেন, অ্যাসিড যারা ছোড়ে, তারা কারও না কারও সন্তান। তাই সবাই যদি সন্তানদের সচেতন করেন, তাহলেই অ্যাসিড-সন্ত্রাস নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয় গান, নাটক ও বাউলসংগীত। সাংস্কৃতিক পর্বে অ্যাসিডদগ্ধ ব্যক্তিরাও গান পরিবেশন করেন। এরপর ওই ৭০ জন ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে দুপুরের খাবার খান।