ময়মনসিংহে ইফতারকে ঘিরে চলছে নির্বাচনী গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নির্বাচনী গণসংযোগ করছেন। অনেকে নিজেদের নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহ-৪ (সদর) আসনের আওয়ামী লীগের বর্তমান সাংসদ মতিউর রহমান রমজানের শুরু থেকে ৩০ জুলাই পর্যন্ত প্রায় প্রতিদিনই ময়মনসিংহ শহর ও নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিলে যোগ দিয়েছেন। সাংসদ প্রথম আলোকে বলেন, ‘রোজার পবিত্রতার সঙ্গে ভোটের সম্পর্ক নেই। তবে কোথায়ও গেলে মানুষের সঙ্গে স্বাভাবিকভাবেই হূদ্যতা বাড়ে।’

জেলা বিএনপির সভাপতি (দক্ষিণ) ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন বলেন, ‘এ রমজানে আমি কমপক্ষে ৪০টি ইফতার মাহফিলে যোগদান করেছি। এর সঙ্গে নির্বাচনের গণসংযোগের সরাসরি সম্পর্ক না থাকলেও এ বছর এর বিশেষ তাৎপর্য আছে। তা ছাড়া আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়টি সরকার এখনো মেনে নেয়নি। মেনে নিলে আরও বেশি নির্বাচনী আমেজ থাকত।’

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কৃষিবিদ সামীউল আলম রমজানের শুরু থেকে উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করে নিজের প্রার্থিতা ঘোষণা করছেন। তিনি ২৫ জুলাই গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

 এ আসনে বিগত নির্বাচনে চারদলীয় জোটের পরাজিত প্রার্থী এম ইকবাল হোসেন দীর্ঘদিন জনবিচ্ছিন্ন থাকার পর রমজান মাসে ইফতারের আয়োজনের মাধ্যমে আবারও সক্রিয় হয়েছেন। ইতিমধ্যে তিনি উপজেলার পাঁচটি ইউনিয়নে ইফতারের আয়োজনের মাধ্যমে প্রাথমিক গণসংযোগ করছেন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ আবদুস ছাত্তার আগামী দু-এক দিনের মধ্যেই নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করবেন বলে স্থানীয় নেতারা জানান। এই আসনে আওয়ামী লীগের অপর মনোনয়নপ্রত্যাশী বর্তমান সাংসদের ভাতিজা মাহমুদ হাসান। তিনি গত পৌরসভা নির্বাচনে পরাজিত হয়েও আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাহমুদ হাসান বলেন, ‘দলীয় নেতা-কর্মী ও তৃণমূলে ইফতারের মাধ্যমে গণসংযোগ করছি।’

বিএনপির সাবেক সাংসদ শাহ্ নুরুল কবীর ইতিমধ্যে উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়নে ইফতারের আয়োজনের মাধ্যমে গণসংযোগ করেছেন। পাশাপাশি বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরও একাধিক প্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘ইতিমধ্যে নির্বাচনী এলাকার ১০টি ইউনিয়নে ইফতার করেছি। দ্রুতই পুরো নির্বাচনী এলাকায় মাহফিলের আয়োজন করব।’

এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির (উত্তর) সাধারণ সম্পাদক ও তারাকান্দা উপজেলার বিএনপির সভাপতি মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ইফতারের মাধ্যমে ভালো যোগাযোগ সৃষ্টি হয়। আমি মনে করি, এটা অনেকটা নির্বাচনী গণসংযোগের মতোই।’