ময়মনসিংহে একই পরিবারের তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দড়িবাড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা ভ্যানচালক আবদুল লতিফকে থানায় নিয়ে গেছে।

নিহত ব্যক্তিরা হলো ভ্যানচালক আবদুুল লতিফের স্ত্রী জহুরা খাতুন (৫০), মেয়ে সীমা আক্তার (১২) ও তাঁর ছেলের ঘরের নাতি ফারুক মিয়া (৬)। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় লোকজন আবদুল লতিফের ভাষ্য অনুযায়ী জানায়, আবদুল লতিফের ছয় ছেলেমেয়ে। এর মধ্যে পাঁচজনই কাজের সুবাদে গাজীপুর ও বিভিন্ন জায়গায়  থাকেন। বাড়িতে শুধু লতিফ, তাঁর স্ত্রী, এক মেয়ে ও ছেলের ঘরের এক নাতি থাকত। গতকাল রাত সোয়া ১০টার দিকে লতিফ বাড়িতে গিয়ে এই তিনজনকে রক্তাক্ত ও মৃত পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। ঘরের হারিকেন নেভানো থাকায় তাঁরা টর্চবাতি দিয়ে মা ও মেয়েকে মৃত পড়ে থাকতে দেখেন। তবে গুরুতর আহত শিশু ফারুক তখনো জীবিত থাকায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে লতিফের হাতেও ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।

স্থানীয় লোকজন আরও জানায়, সন্দেহ হওয়ায় তারা বাড়ির দা-বঁটির খোঁজ করে। আজ সকালে সেই বঁটি বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়।

জহুরার ভাই সোহরাব আলী অভিযোগ করেন, লতিফ কয়েকবাই তাঁর বোনকে বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন। এ হত্যাকাণ্ড লতিফই ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল লতিফ জানিয়েছেন, এক বছর আগে জমি নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল।