ময়মনসিংহে এবার সরকারের 'উন্নয়ন' বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে এবার বিলবোর্ড দখল করে সরকারের ‘উন্নয়নের চিত্র’ তুলে ধরা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে ডিজিটাল ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষে গত শুক্র ও শনিবার রাতে বিলবোর্ড দখলের পাশাপাশি ব্যানার ও ফেস্টুন লাগানো হয় বলে জানা গেছে।
এর আগে ঢাকা, রাজশাহী ও সিলেটে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার বিলবোর্ড দখল করে সরকারের ‘সাফল্যের চিত্রে’র ব্যানার সাঁটিয়ে প্রচারণা চালানো হয়। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ শহরে বিলবোর্ডে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার বলেন, জয়ের আগমন উপলক্ষে ময়মনসিংহের ১২টি উপজেলা থেকেই সাধারণ মানুষ এসেছে। সরকারের চার বছরের উন্নয়নের বিষয়টি সবার সামনে তুলে ধরতেই বিলবোর্ডে ব্যানার টাঙানো হয়েছে। এখানে কারোর বিজ্ঞাপন ঢেকে দেওয়া হয়নি। কেউ বিষয়টি নিয়ে অভিযোগও করেননি।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, শহরের পাটগুদাম, চরপাড়া, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর, গঙ্গাদাস গুহ রোড, কাঁচিঝুলি সড়কে অসংখ্য বিলবোর্ড, ডিজিটাল ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। এসব বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে শিক্ষা, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নের বর্ণনা দিয়ে নৌকায় ভোট চাওয়া হয়েছে। গাঙ্গিনারপাড়ে একটি বহুজাতিক কোমল পানীয় কোম্পানির এবং পাটগুদাম ব্রিজ মোড়ে একটি প্রসাধনী কোম্পানির বিজ্ঞাপন ঢেকে সরকারের উন্নয়নের ব্যানার সাঁটানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, ময়মনসিংহে জয়ের প্রথম আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে বেশ কিছু ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন। এ ছাড়া আগামী নির্বাচনের আগে সরকারের উন্নয়নকাজের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য কিছু বিলবোর্ড ব্যবহার করা হয়েছে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার নিজস্ব বিলবোর্ডগুলো শনিবার থেকে সাত দিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। জয়ের আগমনে পৌরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। তাই তাঁদের পক্ষ থেকে আমি নিজেও জয়কে শুভেচ্ছা জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে বিলবোর্ড ও ফেস্টুন দিয়েছি। এখানে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি।’ এ ছাড়া বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার বিলবোর্ড ব্যবহারের আগে অনুমতি নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
বিলবোর্ডে সরকারের উন্নয়ন বিজ্ঞাপন লাগানো প্রসঙ্গে জানতে ঢাকায় একটি বিজ্ঞাপনী সংস্থার দায়িত্বশীল একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জয়ের ময়মনসিংহে আগমন উপলক্ষে তাঁদের বেশ কিছু বিলবোর্ড ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছিল। ৎতবে কথা ছিল, জয়কে শুভেচ্ছা জানিয়ে যেসব বিলবোর্ড ব্যবহার করা হবে, তা ওই দিন থেকে চার দিন ব্যবহার করা হবে। তবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে যেসব বিলবোর্ড ব্যবহার করা হয়েছে, তা কিছুদিন থাকার অনুমতি নেওয়া আছে।