ময়মনসিংহে কালবৈশাখীতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল, মুক্তাগাছা ও ফুলবাড়ীয়া উপজেলায় গতকাল শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে তিনজন নিহত হয়েছেন। ঝড়ে এসব এলাকায় ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন, ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের ইলিয়াছ আলী (২২), মুক্তাগাছা উপজেলার খেরুজানি ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিন (৩৫) ও ফুলবাড়ীয়া উপজেলার রাঁধাকানাই গ্রামের করিম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১২টার দিকে ত্রিশাল, মুক্তাগাছা ও ফুলবাড়ীয়া উপজেলার ১৭টি ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। ঝড়ে ঘরের চালে গাছ ভেঙে পড়লে ঘরের ভেতর থাকা জালাল উদ্দিন মারা যান। ঝড়ের সময় রাস্তায় থাকা ইলিয়াছ আলী ও গাছের ডাল ভেঙে গায়ের ওপর পড়ে আবদুল করিম চৌধুরী মারা যান।
এলাকাবাসী আরও জানান, কালবৈশাখীতে ত্রিশাল উপজেলার বালিপাড়া, বৈলর, সাকুয়া, রামপুর ও ধানীখোলা ইউনিয়নে তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ফুলবাড়ীয়া উপজেলার ইউএনও বনানী বিশ্বাস বলেন, ঝড়ে উপজেলার কুশমাইল, দেওখলা, ফুলবাড়ীয়া, বালিয়ান, রাঁধাকানাইসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে এসব ইউনিয়নের ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। এক হাজার ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুক্তাগাছা উপজেলার ইউএনও উম্মে জোহরা জানান, উপজেলার বাসুটি, খেরুয়াজানি, দাওগাঁও ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে গতকাল রাতের কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করা হবে।