ময়মনসিংহে ক্লাস বর্জন করে শিক্ষকদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা গতকাল সোমবার ক্লাস বর্জন করেছেন। পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের এক সহকারী অধ্যাপককে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) লাঞ্ছিত করায় এবং লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের এক নারী শিক্ষককে জেলা প্রশাসক ও ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করার প্রতিবাদে শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন।
এ ছাড়া বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। মতবিনিময় সভায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা শিক্ষক লাঞ্ছনার তীব্র নিন্দা জানান এবং জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. ইদ্রিস আলী, সাংগঠনিক সচিব মো. আতিকুর রহমান, সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষক মো. আবদুল মোতালেব, গাজী হাসান কামাল প্রমুখ।