ময়মনসিংহে খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছেপেট্রল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার অনুমোদিত পাম্প ছাড়া অন্য কোথাও পেট্রল ও অকটেনের মতো দাহ্য জ্বালানি বিক্রি নিষিদ্ধ হলেও প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবে ময়মনসিংহ শহর ও শহরতলির কমপক্ষে ২০টি দোকানে পেট্রল ও অকটেন বিক্রি হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, ময়মনসিংহ শহরতলির শম্ভুগঞ্জ ও চুরখাই এলাকার বেশকিছু পাম্পের অসাধু কর্মচারীর সঙ্গে আঁতাত করে দোকানিরা সহজেই পেয়ে যান এসব জ্বালানি। অনুমোদিত পাম্পে পেট্রল লিটারপ্রতি ৯৬ টাকা দরে বিক্রি হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে ১০৫ টাকা করে।

সরেজমিনে দেখা যায়, শহরের চরপাড়া, ধোপাখলা, মরাখলা, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, জে সি গুহ সড়ক, কাছারি সড়কসহ বিভিন্ন স্থানে ও শহরতলির কেওয়াটখালীর বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে পেট্রল। কোনো কোনো দোকানের সামনে ‘এখানে পেট্রল পাওয়া যায়’ লিখে রাখা হয়েছে। কেওয়াটখালী এলাকার একজন দোকানদার জানান, শম্ভুগঞ্জ এলাকার একটি পাম্প থেকে তিনি বড় ড্রামে ভরে পেট্রল আনেন। পাম্পের নাম জানতে চাইলে তিনি নাম বলতে অস্বীকৃতি জানান।

রাজনীতিসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, হরতালে নাশকতা সৃষ্টিকারীরা বোতলে করে এসব দোকান থেকে পেট্রল সংগ্রহ করে। গত ২৬ মার্চ সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন, ৮ মে সন্ধ্যায় পাটগুদাম মোড়ে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ছাড়াও সম্প্রতি ময়মনসিংহে পেট্রল ঢেলে দুটি মালবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শম্ভুগঞ্জের হাইওয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক দীপক কুমার বিশ্বাস বলেন, ‘আগে আমরা বিক্রি করেছি। কিন্তু সম্প্রতি মালিক আমাদের নিষেধ করে দিয়েছেন। তাই এখন আর বিক্রি করি না।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম বলেন, মে মাসের প্রথম সপ্তাহেও অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। পরে আর বিক্রি করবে না শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।