ময়মনসিংহে জমজমাট ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা মানুষের পদচারণে মুখর হয়ে উঠেছে ময়মনসিংহের ‘মার্কেটপাড়া’ হিসেবে খ্যাত স্টেশন রোড, গাঙ্গিনারপাড় ও নতুনবাজার এলাকা। প্রচণ্ড গরম উপেক্ষা করে মানুষ কেনাকাটা করছেন।

গতকাল বৃহস্পতিবার শহরের বিপণিবিতানগুলো ঘুরে নিজের ও প্রিয়জনের জন্য পোশাক কিনতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় দেখা যায়। ক্রেতাদের প্রচণ্ড ভিড় দেখা গেল গাঙ্গিনারপাড় এলাকার ‘বারি প্লাজা’র দ্বিতীয় তলার একটি দোকানে। ক্রেতাদের এত ভিড় যে দোকানের ব্যবস্থাপককে দরজায় দাঁড়িয়ে ক্রেতাদের নিয়ন্ত্রণ করতে হচ্ছে। যে কয়জন কেনাকাটা করে বের হচ্ছেন, ঠিক ততজনকে দোকানে ঢোকাচ্ছেন তিনি।

বারি প্লাজার একটি দোকানের ব্যবস্থাপক সাকিবুর রহমান বলেন, তিন দিন ধরে তাঁদের ভালো বিক্রি হচ্ছে।

ময়মনসিংহের আরেকটি আধুনিক বিপণিবিতান ‘অলকা নদী বাংলা কমপ্লেক্স’। রঞ্জু খান নামের একজন ব্যবসায়ী জানান, এবারের ঈদে তরুণীরা ‘জলনূপুর’, ‘আশেকি-২’, ও ‘ঝিলিক’ নামের ভারতীয় পোশাকের দিকে বেশি ঝুঁকেছেন।

শহরের আরেকটি অভিজাত বিপণিবিতান নতুন বাজারের মফিজউদ্দিন ইনডেক্স প্লাজার একটি দোকানের বিক্রেতা ফারজানা আক্তার বলেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়ছে।

শহরের বাসাবাড়ি মার্কেটে গিয়েও দেখা যায় ক্রেতাদের ভিড়। এ বিপণিবিতানে রয়েছে সব শ্রেণীর ও বয়সের মেয়েদের থ্রিপিসের বিপুল সমাহার। এখানকার দোকানিরা বলেন, তাঁদের দোকানে ৪৫০ থেকে পাঁচ হাজার টাকা দামের থ্রিপিস রয়েছে। তাঁদের বিক্রিও ভালো।

ময়মনসিংহে জুতার জন্য প্রসিদ্ধ ইম্পিরিয়াল সুপার মার্কেট। এ বিপণিবিতানের ক্রেতা ও বিক্রেতারা বলেন, ডিজাইনের নতুনত্ব এবং সব শ্রেণীর মানুষের ক্রয়সীমার মধ্যে জুতা পাওয়া যায় বলে এ বিপণিবিতানের সব দোকানেই বিক্রি ভালো।

স্টেশন রোডের ফুটপাত ও ছোট দোকানে দরিদ্র মানুষ কেনাকাটা করেন। গতকাল সেখানেও প্রচণ্ড ভিড় দেখা যায়। স্টেশন রোডের আশরাফ মার্কেটের একটি দোকানের মালিক আনোয়ার হোসেন বলেন, তাঁদের বেশ ভালো বিক্রি হচ্ছে।