ময়মনসিংহে ট্রাক চাপায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের পাটগুদাম মোড়ে গতকাল শুক্রবার রাতে মাটিবোঝাই ট্রাকের চাপায় এক নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত একজনের পরিচয় পাওয়া যায়। তাঁর নাম আবদুর রহিম। বাড়ি সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে মাটির বস্তাভর্তি একটি ট্রাক শম্ভুগঞ্জ সেতু পার হয়ে ময়মনসিংহ শহর অতিক্রম করছিল। পাটগুদাম বাস টার্মিনাল এলাকায় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও একটি রিকশাকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। এ সময় ট্রাকের ধাক্কায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসের কয়েকজন যাত্রী আহত হন।