ময়মনসিংহে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর রেলক্রসিংয়ে আজ রোববার সকালে চলন্ত ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন। ময়মনসিংহ-ভৈরব রেলসড়কের রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রেনের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তাঁরা হলেন চালক মো. ফরিদ, আফাজউদ্দিন, শফিকুল ও খোকন মিয়া।
গৌরীপুর রেলওয়ে স্টেশন ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আনুমানিক পৌনে আটটার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘চিটাগাং মেইল’ ট্রেনটি গৌরীপুর স্টেশন থেকে ছেড়ে যায়। আনুমানিক ১০ মিনিট পর ভবানীপুর রেলক্রসিংয়ে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনে বসে থাকা এক যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির মরদেহ থেঁতলে যায়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামানের ভাষ্য, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। লাশটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। নিহত ব্যক্তির লুঙ্গির ভাঁজে একটি মুঠোফোন কোম্পানির গ্রাহকসেবার রসিদ পাওয়া যায়। তাতে তাঁর নাম লেখা জালাল।
রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা কেউ ফোন ধরেননি। দুর্ঘটনাস্থল রেলওয়ের কিশোরগঞ্জ থানার অধীন হওয়ায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সঙ্গে বেলা পৌনে ১১টায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাইনি।’