ময়মনসিংহে তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশ্ব ইজতেমা সম্পর্কে কটূক্তি করায় সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ময়মনসিংহের বিচারিক আদালত। আজ বুধবার আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তুহিন মালিক বিশ্ব ইজতেমা নিয়ে কটূক্তি করে ধর্মকে অবমাননা করেছেন। এই অভিযোগ এনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক ও ধর্মমন্ত্রীর ভাই মমতাজ উদ্দিন ময়মনসিংহের বিচারিক আদালতে তাঁর বিরুদ্ধে আজ ধর্ম অবমাননার মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি নেন।
পরে বিচারিক আদালতের হামিক আহসান হাবীব আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জরি করেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তুহিন মালিক তুরাগ তীরের বিশ্ব ইজতেমাকে ‘তুরাগ তীরের পিকনিক’ বলে মন্তব্য করেন।
রায়ের পর মামলার বাদী মমতাজ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তুহিন মালিকের বক্তব্য একজন মুসলমান হিসবে আমাকে কষ্ট দিয়েছে। তাই আমি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।’