ময়মনসিংহে নানা আয়োজনে চুগান উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে ময়মনসিংহে গতকাল শুক্রবার গারো সম্প্রদায়ের চুগান উৎসব উদ্যাপন করা হয়েছে। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী শাখা ময়মনসিংহে বসবাসরত ওই সম্প্রদায়ের মানুষের জন্য এ উৎসবের আয়োজন করে।
এ উপলক্ষে বেলা ১১টায় ময়মনসিংহ টাউন হল মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। শোভাযাত্রায় অংশ নেওয়া গারো সম্প্রদায়ের নারী-পুরুষেরা নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। বিভিন্ন সড়ক ঘুরে দুপুর পৌনে ১২টায় শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসে।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে চুগান উৎসব উপলক্ষে আলোচনা অনুষ্ঠান হয়।
আলোচনা অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের কবি মতেন্দ্র মানখিন চুগান উৎসবের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, চুগান উৎসব মূলত গারোদের নবান্ন উৎসব। ফসলের দেবতাকে খুশি করতে এ উৎসব হলেও এর ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্য রয়েছে। এ উৎসব আগে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ গ্রামে পালন করত। বর্তমানে এ ধরনের উৎসব বিলুপ্তির পথে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ যদি নিজ নিজ সংস্কৃতি পালন করে সমৃদ্ধ হয়, তাহলে বাংলাদেশের সংস্কৃতি সমৃদ্ধ হবে। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী শাখার আহ্বায়ক অরণ্য ই চিরানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন জাহান, শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আরজু পারভেজ প্রমুখ।
চুগান উৎসব উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের গারোদের নবান্নের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে গারো শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।