ময়মনসিংহে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজন নিহত
ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার কান্দাপাড়া গ্রামের স্কুলছাত্র দেলোয়ার হোসেন খান (১১) ও ভেদীকুড়া গ্রামের স্কুলছাত্র মোশারফ হোসেন (১৪); হালুয়াঘাট উপজেলার জমসেদ আলী (৫০) ও রুবেল মিয়া (৩০) এবং ফুলপুর উপজেলার কফিল উদ্দিন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে হঠাৎ বজ্রপাতে ধোবাউড়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আতাব খানের ছেলে দেলোয়ার হোসেন খান মারা যায়। সে গুজিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। একই সময় ধোবাউড়া উপজেলার ভেদীকুড়া গ্রামের লাল মিয়ার ছেলে মোশারফ হোসেন মারা যায়। মোশারফ ভেদীকুড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই স্কুলছাত্রই নিজেদের ঘরের বারান্দায় বসে পড়াশোনা করছিল।
সকাল ১০টার দিকে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের জমসেদ আলী ও করুয়াপাড়া গ্রামের রুবেল মিয়া নামের দুই কৃষক বজ্রপাতে মারা যান।
সকাল ১০টার দিকে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধানেরভিটা গ্রামের গ্রামের কৃষক কফিল উদ্দিন মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।