ময়মনসিংহে বাড়ি থেকে উচ্ছেদের জন্য হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের স্টেশন রোডের একটি বিরোধপূর্ণ জমিতে বসবাসরত পরিবারকে উচ্ছেদের জন্য গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আনোয়ারা বেগম ও তাঁর ছেলে এ কে এম রফিকুল ইসলাম আহত হয়েছেন। আনোয়ারা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার পরিবারের সদস্যরা বলেন, বিরোধপূর্ণ জমিতে তাঁদের বসবাসের অনুমতি দিয়ে আদালতের স্থিতাবস্থা জারি থাকলেও একটি পক্ষ তাঁদের উচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে আসছে। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসানের নেতৃত্বে ২০-২৫ জন লোক তাঁদের উচ্ছেদের জন্য হামলা চালান। এ সময় আনোয়ারা বেগম ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। হামলাকারীরা তাঁর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। খবর পেয়ে আনোয়ারা বেগমের স্বামী মো. আবদুল মান্নান ও ছেলে রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় হামলাকারীরা তাঁদেরও মারধর করেন। এতে রফিকুল আহত হন।
সংশ্লিষ্টরা জানান, ২০ স্টেশন রোডের জমিটি ১৯৭৫ সালে মো. হানিফ ও মো. শরীফ নামের দুই ভাই স্থানীয় গোপাল চন্দ্র বর্মণের কাছ থেকে বায়না সূত্রে কেনেন। সে সময় গোপাল চন্দ্র বর্মণ দুই ভাইকে দখল বুঝিয়ে দেন। পরে গোপাল চন্দ্র বর্মণ জমিটি রেজিস্ট্রি করে না দিলে ১৯৮২ সালে দুই ভাই ময়মনসিংহ সাব-জজ আদালতে মামলা করেন। কিন্তু মামলার রায় দেওয়ার আগেই গোপাল চন্দ্র বর্মণের মৃত্যু হয়।
তাঁরা আরও জানান, ২০১১ সালে ওই জমি মো. হানিফ ও মো. শরীফের কাছ থেকে কিনে নেন শহীদুল ইসলাম। পরে গোপাল চন্দ্র বর্মণের নাতি প্রভাত চন্দ্র বর্মণ ও শহীদুল ইসলামের মধ্যে জমিটি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি আদালতে গড়ায়। শহীদুল ইসলামের মা আনোয়ারা বেগম, বাবা মো. আবদুল মান্নান ও ছোট ভাই এ কে এম রফিকুল ইসলাম জমিটি দেখাশোনা করতেন।
জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। অন্যের জমি দখল করে দেওয়া আমার পেশা নয়।’ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। ’