ময়মনসিংহে বাসচাপায় নিহত ৩
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধলিবাজার এলাকায় আজ শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সানোয়ার হোসেন (৩০)। বাড়ি মুক্তাগাছার তাড়াতি গ্রামে। পরিচয় না পাওয়া অন্য দুজনের লাশ ফুলপুর থানায় রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা দুইটার দিকে ধলিবাজার এলাকায় ময়মনসিংহগামী একটি বাস হালুয়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী মারা যান। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ওই এলাকায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া জানান, অটোরিকশার পেছনে লেখা একটি মোবাইল নম্বরে ফোন করে জানা গেছে অটোরিকশাটি মুক্তাগাছা উপজেলার। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।