ময়মনসিংহে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: লেখক
তৌহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: লেখক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও অপরাধী দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে পৃথক পৃথক জায়গায় মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়য়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষকদের ব্যানারে মানববন্ধন হয়। এতে সংহতি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, আসিফ ইকবাল প্রমুখ। এ ছাড়া মানববন্ধনে মুঠোফোনের মাধ্যমে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

শিক্ষকেরা তাঁদের বক্তব্যে বলেন, ‘৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। আমাদের সন্তান হত্যার বিচার চাই এবং সেটি অনতিবিলম্বে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

অন্যদিকে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড ও ময়মনসিংহ শহরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। এ সময় বক্তব্য দেন শাহীন হোসাইন সাজ্জাদ, কবীর আহমেদ সাকিব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম কিবরিয়া, সাদিকুল ইসলাম সকাল, সাব্বির আহম্মেদ সৈকত, মুনমুন সরকার, অভিষেক রঞ্জন দাস প্রমুখ।

বক্তারা বলেন, ‘অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনুন। তা না হলে এই দুর্যোগ সময়েও ঘরে বসে থাকবে না শিক্ষার্থীরা। তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’ এ ছাড়া বক্তব্যে নিহত শিক্ষার্থির পরিবারকে অর্থনৈতিক সহযোগিতারও দাবি জানানো হয়। এই হত্যার প্রতিবাদে নেত্রকোনা ও রংপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

এদিকে এই হত্যাকাণ্ড প্রশ্ন তুলেছে শিক্ষানগরী ময়মনসিংহের নিরাপত্তা নিয়ে। জাককানইবি শিক্ষার্থী সিফাত শাহরিয়ার প্রিয়ান বলেন, ‘গভীর রাতে ময়মনসিংহ শহরের একটি মেসে ঢুকে কিছু সন্ত্রাসীর দ্বারা একজন বিশ্ববিদ্যালয়ছাত্র খুন হওয়া ঘটনায় শহরের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। যাঁরা শহর তথা জনপ্রতিনিধির দায়িত্বে আছেন, তাঁরা নিশ্চয়ই জানেন শহরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। কিন্তু ফল কী পেলাম! আমাদের ছাত্রের লাশ পেলাম। আমি এখন এই হত্যার দ্রুত বিচার চেয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এই শহরে আসেন শিক্ষা অর্জনের জন্য। কিন্তু বেশির ভাগ সময়ই তাঁদের চুরি ও ছিনতাইয়ের অভিজ্ঞতা অর্জন করতে হয়। সেই রকম এক অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে আরেক শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমি পরপর দুবার চুরি ও ছিনতাইয়ের শিকার হই। এর মধ্যে গত নভেম্বরে ঘটনা ছিল বেশ ভয়ানক। অটোরিকশায় সংঘবদ্ধ চক্র আমার এবং আমার ছোট ভাইয়ের পেটে চাকু ঠেকিয়ে আমাদের কাছে থাকা সব টাকাপয়সা ও মোবাইল ফোন নিয়ে যায়। ছিনতাই হওয়ার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ছিনতাইকারীরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় এগুলো করে থাকে। এর মধ্যে ধোপাখোলা মোড়, গরুর খোয়ার মোড়, ব্রিজ মোড় এবং হরিজনপল্লিতে ছিনতাইকারীরা বেশি সক্রিয় ভূমিকা পালন করে থাকে। আমি শহরের নিরাপত্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের আহ্বান করব, তাঁরা যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। তৌহিদের মতো আর কাউকে যেন নিরাপত্তাহীনতায় চলে যেতে না হয়।’

উল্লেখ্য, ১ মে ভোররাতে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় (মেস) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে (২৪) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন বলেন, ‘আসামি শনাক্ত করতে ও আইনের আওতায় আনতে আমরা তৎপর। আশা করি, আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারব।’