ময়মনসিংহের অ্যানালগ মিটার ব্যবহারকারী গ্রাহকেরা বিপাকে
ময়মনসিংহের বিদ্যুৎ গ্রাহকেরা আগস্ট মাসের বিল নিয়ে বিপাকে পড়েছেন। আবাসিক ও বাণিজ্যিক সংযোগে অ্যানালগ মিটার ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুৎ বিল ৩০ শতাংশ পর্যন্ত বেশি করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দাবি, মন্ত্রণালয়ের নির্দেশে ‘সিস্টেম লস’-এর কারণে অ্যানালগ মিটার ব্যবহারকারীদের ওই বাড়তি বিল করা হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, পিডিবি কর্তৃপক্ষ তাদের কিছু দুর্নীতি আড়াল করতেই ওই বাড়তি বিল করেছে। এটা করায় ময়মনসিংহের দোকান মালিক সমিতি ঐক্যপরিষদ গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদ্যুৎ বিতরণ অঞ্চল ময়মনসিংহের প্রধান প্রকৌশলী মো. রইস উদ্দিন সরকার বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।
শহরের ছোট বাজার, আমলাপাড়া, সানকিপাড়া, কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকার অ্যানালগ মিটার ব্যবহারকারী আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি থেকে তাঁরা আগস্ট মাসের বিদ্যুৎ বিল পাচ্ছেন। বিলে অতিরিক্ত টাকা দেখে তাঁরা বিভ্রান্ত হচ্ছেন। কেউ কেউ প্রথমে বিল ত্রুটিপূর্ণ ভেবে স্থানীয় পিডিবিতে যোগাযোগ করেন। সেখানে তাঁরা জানতে পারেন, অ্যানালগ মিটার করায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবহূত ইউনিটের চেয়ে ৩০ শতাংশ বেশি বিল করা হয়েছে।
হঠাৎ বাড়তি বিল দেখে অনেক গ্রাহক প্রথম আলোর কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ছোট বাজার এলাকার ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী জানান, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ৩০০ ইউনিট বিদ্যুৎ খরচ হলেও বিল এসেছে ৩৯০ ইউনিটের।
গ্রাহকদের অভিযোগ, অ্যানালগ মিটারের নামে অতিরিক্ত বিল আদায়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ তাদের কিছু দুর্নীতি আড়াল করার চেষ্টা করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রাহক জানান, ময়মনসিংহ শহরতলির সানকিপাড়া শেষ মোড়, আকুয়া, কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় আবাসিক সংযোগ নিয়ে অনেকেই ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) বাণিজ্যিকভাবে চার্জ করছেন। বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু লোকের সঙ্গে যোগসাজশ থাকায় এসব আবাসিক মিটারে কম বিল দেখানো হয়। এর সঙ্গে সামঞ্জস্য আনতেই অ্যানালগ মিটার ব্যবহারকারীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাড়তি বিল।
পিডিবি জানায়, মন্ত্রণালয় অ্যানালগ মিটার ব্যবহারকারীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের কথা বললেও কত ইউনিট অতিরিক্ত আদায় করা হবে, তা নির্ধারণ করে দেয়নি। তবে বিতরণ কেন্দ্রীয় অঞ্চল ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৩০ শতাংশ বাড়তি বিল আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন।
মো. রইস উদ্দিন সরকার পিডিবির দুর্নীতির অভিযোগ অস্বীকার করে জানান, আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে অটোরিকশার ব্যাটারি চার্জ করার কোনো অভিযোগ কেউ দেয়নি। দিলে অভিযোগকারীর নাম গোপন রেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অ্যানালগ মিটার ব্যবহারকারীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় প্রসঙ্গে তিনি জানান, এটা মন্ত্রণালয়ের নির্দেশে করা হচ্ছে।
ময়মনসিংহ বণিক সমিতির পরিচালক শংকর সাহা জানান, বাণিজ্যিক গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বিলের কারণ জানতে সম্প্রতি ময়মনসিংহ পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেননি।