
রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টর আর দক্ষিণখান ইউনিয়নের মাঝ দিয়ে চলে গেছে রেললাইন। উত্তরা অংশে স্বল্প দূরত্বে চারটি হাসপাতাল। হাসপাতালগুলোর বিপরীতে দক্ষিণখান অংশে চলছে ময়লা-আবর্জনা দিয়ে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ। দুর্গন্ধে হাসপাতালের রোগী, চিকিৎসক ও এলাকাবাসীর ভোগান্তি উঠেছে চরমে।
গতকাল শনিবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, দক্ষিণখান ইউনিয়নের কোটবাড়ী রেললাইনসংলগ্ন একটি পুকুর ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে। চারটি ময়লার গাড়ি থেকে পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা নামাচ্ছেন। একপাশ ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। এখন ময়লা নামিয়ে ব্যাগে ভরে পুকুরের মাঝখানে ফেলা হচ্ছে।
শাহীন ও ইকবাল নামের দুজন পরিচ্ছন্নতাকর্মী বলেন, আগে দক্ষিণখান ইউনিয়নের গৃহস্থালি ময়লা আজমপুর এলাকায় নিয়ে ফেলা হতো। সিটি করপোরেশন সেখানে ময়লা ফেলতে নিষেধ করার পর তিন মাস ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। তাঁদের ভাষ্যমতে, দৈনিক দেড়-দুই শ গাড়ি ময়লা পুকুরটিতে ফেলা হচ্ছে।
বাংলাদেশ জেলা বাতায়ন অনুযায়ী দক্ষিণখান ইউনিয়নের ১৮টি গ্রামের মোট লোকসংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৫০০ জন। পুরো ইউনিয়নের বাসিন্দাদের গৃহস্থালি বর্জ্য, কারখানার আবর্জনা এখানে এনে ফেলা হচ্ছে।
উত্তরা ৮ নম্বর সেক্টরের শেষ সীমানায় পাশাপাশি ভবনে ডিফাম হাসপাতাল, সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড মেডিকেল হাসপাতাল, ডেলটা হাসপাতাল ও আইচি হাসপাতালের অবস্থান। টঙ্গী থেকে ডিফাম হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন হাবিব আহমেদ বলেন, বাতাস বেশি থাকলে দুর্গন্ধে টেকা দায় হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন লোকজন ময়লা ফেলতে শুরু করে, তখন কয়েক ঘণ্টা এই দুর্গন্ধ থাকে।
আইচি হাসপাতাল লিমিটেডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বাতাসের সঙ্গে ময়লার দুর্গন্ধ আসে। বিশেষ করে ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত দুর্গন্ধে টেকা যায় না। ভর্তি হওয়া রোগীরা পর্যন্ত দুর্গন্ধের কারণে হাসপাতালে থাকছে না। দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।
দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুর্গন্ধে অসুবিধা হচ্ছে সেটা ঠিক। কিন্তু আমরা বাধ্য হয়েই সেখানে ময়লা ফেলছি। এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কারের বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা হচ্ছে। আরও ১৫-২০ দিন লাগবে। তারপর আর এখানে ময়লা ফেলা হবে না।’
এলাকার অন্তত পাঁচজন বাসিন্দা বলেন, পুকুর বা জলাশয়ে প্রথমে ময়লা ফেলা শুরু হয়। একসময় দেখা যায় সেটা দখল করে দোকানপাট বসায়। এখানেও তেমন কিছুই হবে বলে তাঁদের ধারণা। এ ব্যাপারে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘জমি রেলওয়ের। তাদের সঙ্গে কথা বলেই ময়লা ফেলছি। এখানে দখলের কোনো ঘটনা নেই।’
রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘এভাবে যে একটি জলাশয় ভরাট করে ফেলছে, তা আমাদের জানা ছিল না। ভরাট বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কীভাবে একজন চেয়ারম্যান ময়লা-আবর্জনা পুকুরে ফেলছেন, সে বিষয়েও খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’