ময়লা রেখে রাস্তা বন্ধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের কালীর বাজার চারারগোপ মোড় থেকে ৫ নম্বর ঘাট পর্যন্ত ময়লা-আবর্জনা রেখে রাস্তা বন্ধ করে রাখার প্রতিবাদে গতকাল শনিবার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
সিপিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে নগরের কালীর বাজার শীতলক্ষ্যা বাসস্ট্যান্ডে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশ নেয় নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, খেলাঘর, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মহিলা পরিষদ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন।
ওই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিপিবির নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির নারায়ণগঞ্জ জেলা সম্পাদক শিবনাথ চক্রবর্তী, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, মহিলা পরিষদের শহর কমিটির নেত্রী শাহানারা বেগম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিপিবির শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ওই রাস্তার ওপর ময়লা রেখে রাস্তা প্রায় বন্ধ করে ফেলা হয়েছে। ফলের আড়তগুলোর পেছনে কয়েক টন ময়লা রাস্তার ওপর রাখা হয়েছে। রাস্তা ভেঙে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। যানবাহন চলাচল করতে পারে না। রিকশায় যাতায়াত করতেও মানুষ ভয় পায়। হেঁটে যেতে হলে ময়লা-আবর্জনার ওপর দিয়ে যেতে হয়। ভাঙা রাস্তার কারণে লম্বা যানজট লেগে থাকে। রাস্তাটি পরিষ্কার রাখা যাদের দায়িত্ব, অবিলম্বে তাদের এ ময়লা অপসারণের দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জ শহরকে এভাবে ময়লা-আবর্জনার শহরে পরিণত হতে দেওয়া যাবে না। আগামী সাত দিনের মধ্যে রাস্তার এই ময়লা পরিষ্কার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।