ময়লা-আবর্জনা ও পানিতে সয়লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের চারপাশেই ময়লার স্তূপ। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা l সাইফুল ইসলাম
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের চারপাশেই ময়লার স্তূপ। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা l সাইফুল ইসলাম

ভবনের সেপটিক ট্যাংক নেই। চারপাশ ঘিরে রাখা উন্মুক্ত নর্দমায় মনুষ্য বর্জ্য ভাসছে। আশপাশের লোকজনও নর্দমায় মূত্রত্যাগ করছেন। এদিক-ওদিক ঘুরছে কুকুর আর ছাগল। ভবনের সামনে-পেছনের ময়লা-আবর্জনার দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ।
দৃশ্যটি রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং জাতীয় জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণকেন্দ্রের। এটি এখন নিজেই যেন সংক্রমিত। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, প্রবেশ ফটক এবং হাসপাতালের চারদিকে নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশ। পয়োনিষ্কাশনের পাইপ ফেটে বেরিয়ে আসা মলমূত্র দুর্গন্ধ ছড়াচ্ছে। হাসপাতালের ভেতরের শৌচাগারগুলোর বেহাল দশা।
কুকুরের কামড়ে আহত বাবাকে নিয়ে হাসপাতালে এসেছেন মিরপুরের রিয়াজ মাহমুদ। হাসপাতালের এমন পরিবেশ দেখে কিছুটা বিস্মিত হয়ে বললেন, ‘হাসপাতালের দেয়ালে লোকজন মূত্রত্যাগ করছে—এমন দৃশ্য দেখতে হবে ভাবিনি। চারপাশে উৎকট গন্ধ। সুস্থ হওয়ার বদলে তো লোকজন অসুস্থ হয়ে যাবে।’
হাসপাতালের মূল ভবনের সামনে ময়লা-আবর্জনা ও পানি জমে আছে। কয়েক দিন ধরে জমে থাকা পানিতে মশার লার্ভা ভেসে আছে। হাসপাতালের আঙিনায় কুকুর, ছাগল ঘুরে বেড়াচ্ছে। ভবনের পাশের ফাঁকা জায়গায় জমে থাকা আবর্জনায় ভনভন করছে মাছি। কয়েকজন সেখানে বসে ধূমপান করছেন।
হাসপাতালে পরিচালকের কোনো পদ নেই। হাসপাতালের সিনিয়র কনসালট্যান্টকে এ দায়িত্ব পালন করতে হয়। বর্তমানে সিনিয়র কনসালট্যান্ট আঞ্জুমান আরা আছেন এ দায়িত্বে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা কোনো হাসপাতালের পরিবেশ হতে পারে না। পুরোটা হাসপাতাল ডাস্টবিন হয়ে গেছে। সেপটিক ট্যাংক নেই, সুয়ারেজের পাইপ সবই নষ্ট হয়ে গেছে।’
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ নিয়ে হাসপাতালের বিভিন্ন উন্নয়নকাজ করে গণপূর্ত বিভাগ। আঞ্জুমান আরা বলেন, ‘গণপূর্ত বিভাগকে বিভিন্ন বিষয়ে চিঠি দিয়েছি। ছাদ থেকে পানি পড়া বন্ধ, শৌচাগারের পাইপগুলো বদল এবং সেপটিক ট্যাংক বানিয়ে দেওয়ার কাজগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’
হাসপাতালের সীমানা দেয়াল ঘেঁষে কয়েক শ অবৈধ দোকান গড়ে উঠেছে। মূল ফটকের সামনে কাঠ-বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি সারি সারি দোকান। দোকানের আশপাশে পচা শাকসবজি, মাছের আঁশ নানা ধরনের ময়লা পড়ে থাকতে দেখা যায়। পাশের সাততলা বস্তির লোকজন মূলত এসব দোকানের ক্রেতা।
চারপাশের নোংরা পরিবেশের কারণ হিসেবে আঞ্জুমান আরা দায়ী করলেন এসব দোকানপাটকে। তিনি বলেন, ‘দোকানগুলো অবৈধ। পুলিশ এসে ভেঙে দিলে আবার গড়ে তোলে। ময়লা না ফেলতে বারবার বলে আসি কিন্তু তারা ময়লা ফেলে।’
হাসপাতালের সামনেই কর্মচারীদের থাকার আবাসিক এলাকা। কিন্তু সেখানে প্রবেশ করতে হলে দুর্গমগিরিমতো সড়ক পাড়ি দিতে হয়। ভবনের সামনে কয়েক দিনের ময়লা পানি, শেওলা। পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ভাঙা সড়কে চলার উপায় নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মচারী বলেন, ‘আমাদের থাকার জায়গার অবস্থা সব থেকে খারাপ। পুরো হাসপাতালটা ময়লার মধ্যে ডুবে আছে। পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই, ময়লা পানিতে সয়লাব। বাধ্য হয়ে এখানেই থাকতে হচ্ছে।’
হাসপাতালের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোর্শেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কাজগুলোর বরাদ্দ দেয়, সেগুলোই করতে পারি। আমরা বরাদ্দ চেয়েছি। জরুরি হলে দৈনন্দিন মেরামত খরচ থেকে ঠিক করে দেব।’ তিনি বলেন, বিশ্বব্যাংকের একটি প্রকল্পে এই হাসপাতালের সেপটিক ট্যাংক নির্মাণ, সামনের রাস্তা ও সুয়ারেজের লাইন সংস্কারকাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অর্থবছরের মধ্যেই এগুলোর বরাদ্দ পেলে কাজ শুরু হবে।