মরচে পড়া নৌযানে চলছে রঙের প্রলেপ
বুড়িগঙ্গা নদী পাড়ি দিয়ে কেরানীগঞ্জের দিকে যেতেই শোনা যায় লোহালক্কড়ের ‘ঠন ঠন’ শব্দ। নদীর পাড়ের কাছাকাছি যেতে যেতে এই শব্দের মাত্রা আরও বাড়তে থাকে। কাছে গিয়ে দেখা গেল, যাত্রীবাহী অসংখ্য নৌযান সারি দাঁড়িয়ে আছে। আরও কাছাকাছি গিয়ে চোখে পড়ে, সেসব নৌযানের কোনোটাতে আগুনের ফুলকি উঠিয়ে ঝালাই দেওয়া হচ্ছে। আবার কোনোটাতে লোহার পাতের মরচে ঘষে বাহারী রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। শ্রমিক-মালিকেরা সবাই ব্যস্ত। জ্যৈষ্ঠের দাবদাহেও দম ফেলার সময় নেই তাঁদের।

১৬ মে দুপুরে কেরানীগঞ্জের চর মীরেরবাগে দেখা মিলল এমন দৃশ্যের। এখানে রয়েছে নৌযান তৈরির গোটা বিশেক ডকইয়ার্ড। সেই ডকইয়ার্ডগুলোর একটি আগরপুর ডকইয়ার্ড। নদীর পাড়ে এই ডকইয়ার্ডে পাঁচতলা বড় একটি ভবন। এর সামনে রাখা ছিল এমভি ফারহান নামে তিনতলা একটি নৌযান। যাত্রীবাহী এই নৌযান সদরঘাট থেকে চলাচল করে ভোলার মনপুরা-হাতিয়া পর্যন্ত। নৌযানটির একেবারে সম্মুখভাগে চোখে পড়ল দুজন শ্রমিক লোহার পাত গলিয়ে ঝালাই দিচ্ছেন। কারণ কী, তা জানতে চাইলে শ্রমিকদের একজন বলেন, এক সপ্তাহ আগে লঞ্চটি এসেছে। ১৫ রোজা থেকে চলাচল শুরু করবে। কী কাজ করানো হচ্ছে, তা জিজ্ঞেস করতেই তাঁর পাশের আরেক শ্রমিক বাদ সাধলেন। তখন জানানো হয়, নৌযানটিতে রঙের কাজ ও ডবল প্লেট বসানো হচ্ছে। ডকইয়ার্ডের মূল ভবনের সামনে দুটি বিশাল আকৃতির লোহার পাখা পড়ে ছিল। পাখা দুটি এমভি ফারহানের।

ব্যস্ততার কারণ জানতে চাইলে আগরপুর ডকইয়ার্ডের তত্ত্বাবধায়ক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, নৌযানটি ভালো আছে। তবে ঈদের সময় যেন কোনো ধরনের সমস্যা না হয়, তাই রং করানো ও ইঞ্জিন ঠিকঠাকের কাজ চলছে। সব মিলিয়ে এক কোটি টাকা খরচ হবে।
আগরপুর ডকইয়ার্ডের কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল ঢাকা-বরিশাল ও মাদারীপুরে চলাচল করা পারাবত-১০, পারাবত-১২ ও পারাবত-১৪ নামের তিনটি লঞ্চ। এই নৌযান তিনটি যেখানে অবস্থান করছিল, সেটি পারাবতের নিজস্ব ডকইয়ার্ড। এই ডকইয়ার্ডে পারাবত-১০ নৌযানটি সাজসজ্জার কাজ বেশি চলতে দেখা যায়। কাঠের আসবাবপত্র, খাটগুলোতে রং করা, মেঝে ঘষেমেজে রঙের প্রলেপ দেওয়া চলছিল সমানতালে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার—সবকিছুর পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় তখন। কোথাও কোনো ফুটো থাকলে লোহা গলিয়ে তা বন্ধ করছিলেন শ্রমিকেরা।

পারাবতের বহরে আছে নয়টি যাত্রীবাহী নৌযান। ঈদের আগে সব নৌযানই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পারাবতের মালিক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সহসভাপতি শহীদুল ইসলাম ভুঁইয়াকে ডকইয়ার্ডে বসে কাজ তদারকি করতে দেখা গেল। তাঁর দাবি, যাত্রীদের কথা মাথায় রেখে নির্বিঘ্ন চলাচলের জন্য নৌযানগুলোর সম্পূর্ণ কাঠামো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত হয়, তবে প্রতি দুই বছর পরপর মেরামত করা হয়।
শহীদুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ২০০৩ সালে নির্মাণ করা হয় পারাবত-১০। সরকারি হিসাবে যাত্রী ধারণক্ষমতা ৯২৫ জন। একজন যাত্রীর জন্য দৈর্ঘ্যে সাত ফুট ও প্রস্থে আড়াই ফুট জায়গা নির্ধারণ করা হয়। সেই হিসাবে নৌযানটি ১৮০০ থেকে ২০০০ যাত্রী বহন করতে পারে। বিভিন্ন নিয়ম দেখিয়ে যাত্রী ধারণক্ষমতা কম দেখানো হয়। প্রকৃত ধারণক্ষমতা দেখানো হলে সরকারের রাজস্বের পরিমাণ বাড়ত বলে তিনি দাবি করেন।

এই নৌযান মালিক নেতা বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ সামাল দেওয়ার জন্য নৌযানগুলোকে প্রস্তুত করা হয়। পারাবত, সুরভী ও সুন্দরবনের মতো বড় নৌযান লক্কড়ঝক্কড় নয়। একেকটি নৌযান নির্মাণে ১৫ কোটি থেকে ২৫ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করেন মালিকেরা।
পারাবতের পাশে অন্য ডকইয়ার্ডগুলোতে দাঁড়িয়ে ছিল শরীয়তপুরের ডামুড্যায় চলাচলকারী স্বর্ণদীপ-৪, চাঁদপুরের ইমাম হাসান-৫ নামের ছোট নৌযান। সাজসজ্জার কাজ একই ধরনের। তবে বড় নৌযানের চেয়ে ছোট নৌযানগুলোকে ঈদ-প্রস্তুতি বেশি নিতে দেখা গেল। সব মিলিয়ে প্রায় অর্ধশত নৌযানে মরচে তুলে চলছিল রঙের প্রলেপের সজ্জা।