মরচেরং ভূতিহাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাইক্কার বিলে দুটি মরচেরং ভূতিহাঁসা ও একটি হাঁসি l ছবি: লেখক
বাইক্কার বিলে দুটি মরচেরং ভূতিহাঁসা ও একটি হাঁসি l ছবি: লেখক

কয়েকজন মিলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওর। প্রায় ৩৫ কিলোমিটার ভাঙা রাস্তা ও চড়াই-উতরাই মোটরসাইকেলে পাড়ি দিয়ে তাহিরপুরের শ্রীপুর বাজার থেকে ট্রলারে চাপলাম। প্রায় ছয় কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পুব দিক দিয়ে টাঙ্গুয়ার হাওরের প্রথম বিল রৌওয়ায় ঢুকলাম। বিলে ঢোকার মুখেই দেখা হয়ে গেল লাল টুপি মাথায় মৌলভি হাঁসের দুটি ঝাঁকের সঙ্গে। কালকুটের একটি ঝাঁকও চোখে পড়ল। এ ছাড়া গাঢ় খয়েরি রঙের ২৫-৩০টি হাঁসের একটি ঝাঁককে পানিতে ভাসতে দেখলাম।
রৌওয়া বিল থেকে পশ্চিমে লেইছামারা বিল ও দক্ষিণে চটাইন্যা বিলের দিকে এগোলাম। এ দুটি বিলের বিভিন্ন স্থানের কোথাও ২০-৫০টি, কোথাওবা বিচ্ছিন্নভাবে ২-৪টি কিংবা অন্যান্য হাঁসের মিশ্র দলে বারবার ওদের দেখা পেয়েছি। প্রথম এই প্রজাতির হাঁসের একটিকে দেখি ২০১৪ সালে শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কার বিলে। এরপর দ্বিতীয়বার দেখি ডিসেম্বর ২০১৫-এর চতুর্থ সপ্তাহে বাইক্কার বিলে ছয়টি ও পাশের ফিশারিজের পুকুরে তিনটি। আমার কাছে মনে হয়েছে অন্যান্য হাঁসের তুলনায় এরা একটু কম িভতু। এদের দেহের গাঢ় রংটি আমার বেশ পছন্দ। পরিযায়ী এই হাঁসটি মরচেরং ভূতিহাঁস (Ferruginous Duck, Ferruginous Pochard or White-eyed Pochard) নামে পরিচিত। এটি Anatidae গোত্রের অন্তর্গত, যার বৈজ্ঞানিক নাম aythya nyroca.
মাঝারি আকারের মরচেরং ভূতিহাঁস ৩৮-৪২ সেন্টিমিটার লম্বা ও ৬০০ গ্রাম ওজনের হয়। প্রজননশীল হাঁসার মাথা, ঘাড় ও বুক গাঢ় খয়েরি বা তামাটে। পিঠ মরচে গুড়ের মতো ঘন কালচে-বাদামি। পেট ও লেজতল সাদা। ডানার কিনারা সাদা, যা শুধু ওড়ার সময়ই বোঝা যায়। হাঁসির রঙের ধরন একই, তবে হাঁসার তুলনায় বেশ অনুজ্জ্বল। হাঁসার চোখ সাদা বা হলদে, কিন্তু হাঁসির চোখ কালো। হাঁসা-হাঁসি নির্বিশেষে ঠোঁট নীলচে-কালো, পা ও পায়ের পাতা ধূসর বা সবুজ।
এরা মূলত মধ্য ও পূর্ব ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও উত্তর এশিয়ার বিভিন্ন দেশের আবাসিক পাখি। শীতে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে পরিযায়ী হয়। বাংলাদেশে বিভিন্ন হাওর ও বিলে এদের বিচরণ করতে দেখা যায়। এরা দিবাচর ও সান্ধ্যচারী। ছোট, মাঝারি বা বড় দলে বিচরণ করে। আবার অন্যান্য হাঁসের সঙ্গেও মিলেমিশে বিচরণ করতে দেখা যায়। পানিতে মাথা ডুবিয়ে জলজ উদ্ভিদ, বিচি, শামুক-গুগলি, ব্যাঙ ও ছোট মাছ খুঁজে খুঁজে খায়।
এপ্রিল-জুনে প্রজননকালে এরা পানির কাছাকাছি নলবনে বা পানিতে ভাসমান জলজ উদ্ভিদের স্তূপের ওপর নলখাগড়া, লতাপাতা ইত্যাদি বিছিয়ে তার ওপর সরু ঘাস ও বুকের পালক দিয়ে বাসা বানায়। এরপর হাঁসি তাতে ৭-১০টি ডিম পাড়ে ও একাই তা দিয়ে ২৫-২৮ দিনে বাচ্চা ফোটায়। বাচ্চারা ৫৫-৬০ দিন বয়সে উড়তে শেখে।